• [english_date] , [bangla_date] , [hijri_date]

বড়লেখায় কলেজ ছাত্র সাইফুর হত্যা মামলায় ৩ ভাই পাঁচদিনের রিমান্ডে

bilatbanglanews.com
প্রকাশিত November 4, 2020
বড়লেখায় কলেজ ছাত্র সাইফুর হত্যা মামলায় ৩ ভাই পাঁচদিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক:: মৌলভীবাজারের বড়লেখায় কলেজ ছাত্র মো. সাইফুর রহমান হত্যা মামলায় ৩ আসামিকে পাঁচদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। মঙ্গলবার (০৩ নভেম্বর) বিকেলে বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাকিম হরিদাস কুমার তাদের রিমান্ড মঞ্জুর করেন।

আসামিরা হলেন-উপজেলার বর্ণি ইউনিয়নের আহমদপুর গ্রামের আনছার আলীর ছেলে বাবলু আহমদ (২৫), জবলু হোসেন (২৪) ও কামাল হোসেন (২০)।

বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রতন দেবনাথ বুধবার (০৪ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে সাতদিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে বিচারক পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

পুলিশ জানায়, গত ২৬ অক্টোবর নিহত সাইফুর রহমানের ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পায় পুলিশ। এতে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে উল্লেখ করা হয়। এই ঘটনায় ওইদিন নিহত সাইফুর রহমানের ছোট ভাই এমদাদুর রহমান বাদি হয়ে থানায় একটি মামলা করেন। মামলার পরই পুলিশ ওইদিন সন্ধ্যায় অভিযান চালিয়ে মামলার আসামি বাবলু আহমদ, জবলু হোসেন ও কামাল হোসেনকে গ্রেফতার করে।

প্রসঙ্গত, গত ৩১ জুলাই বিকেলে উপজেলার বর্ণি ইউনিয়নের আহমদপুর গ্রামের নিজ বাড়ি থেকে মেঝেতে শোয়ানো অবস্থায় সাইফুরের লাশ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ঘুমন্ত অবস্থায় সাপের ছোবলে সাফুরের মৃত্যু হয়েছে বলে প্রচার করা হলেও শরীরে নির্যাতনের চিহ্ন থাকায় তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তোলেন সাইফুরের স্বজনরা। নিহত সাইফুর রহমান উপজেলার বর্ণি ইউনিয়নের আহমদপুর গ্রামের আব্দুল আহাদের ছেলে। তিনি সিলেট পলিটেকনিক্যাল কলেজের শিক্ষার্থী ছিলেন।