যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে ৩৮ শতাংশ মুসলিম শিক্ষার্থী ইসলামোফোবিয়ার শিকার

bilatbanglanews.com
প্রকাশিত November 26, 2026
যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে ৩৮ শতাংশ মুসলিম শিক্ষার্থী ইসলামোফোবিয়ার শিকার

বিবিএন ডেস্ক:

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে প্রতি ১০ জন মুসলিম শিক্ষার্থীর মধ্যে প্রায় চারজন ইসলামোফোবিয়া বা ইসলামবিদ্বেষের শিকার হয়েছেন। থুতু নিক্ষেপ, শারীরিক হামলা থেকে শুরু করে শ্রেণিকক্ষে অপমানজনক মন্তব্যের শিকার হচ্ছেন তাঁরা। নতুন এক জরিপে উঠে এসেছে এমন উদ্বেগজনক চিত্র।

 

বুধবার প্রকাশিত ফেডারেশন অব স্টুডেন্ট ইসলামিক সোসাইটিজের (ফসিস) এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের ৬৩টি বিশ্ববিদ্যালয়ের ৭১৫ জন মুসলিম শিক্ষার্থীর ওপর পরিচালিত জরিপে ৩৮ শতাংশ শিক্ষার্থী জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ে থাকাকালে তাঁরা ইসলামবিদ্বেষের শিকার হয়েছেন।

 

প্রতিবেদনে দেখা গেছে, মুসলিম পুরুষদের তুলনায় নারীরা বেশি ইসলামোফোবিয়ার শিকার হচ্ছেন। জরিপে ৪২ শতাংশ মুসলিম নারী এবং ৩৪ শতাংশ মুসলিম পুরুষ বৈষম্য ও বিদ্বেষের অভিজ্ঞতার কথা জানিয়েছেন।

 

যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয়গুলোর সংগঠন রাসেল গ্রুপের বিশ্ববিদ্যালয়গুলোতে পরিস্থিতি আরও উদ্বেগজনক। এসব বিশ্ববিদ্যালয়ে ৫৩ শতাংশ মুসলিম নারী শিক্ষার্থী ইসলামবিদ্বেষের শিকার হয়েছেন বলে জানিয়েছেন।

 

প্রতিবেদনে উঠে এসেছে লন্ডন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজের (এসওএএস) সাবেক শিক্ষার্থী ২৩ বছর বয়সী হানিয়াহ কাসামের অভিজ্ঞতাও।

 

কাসামের ভাষ্য অনুযায়ী, প্রথম বর্ষে পড়ার সময় একদিন কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে একটি হলে ক্লাসের জন্য অপেক্ষা করছিলেন তিনি। এ সময় এক নিরাপত্তাকর্মী এসে শিক্ষার্থীদের ‘পশুর পালের মতো’ আচরণ করার অভিযোগ করেন। বিশেষ করে হিজাব পরা নারীদের উদ্দেশে অপমানজনক মন্তব্য করেন এবং ‘টাওয়েল হেডস’ বলে কটূক্তি করেন।

 

কাসাম জানান, বিশ্ববিদ্যালয়ে প্রবেশের সময় একবার তাঁর দিকে থুতুও নিক্ষেপ করা হয়েছিল। ঘটনার পর এক অধ্যাপকের কাছে অভিযোগ জানালেও প্রশাসনিক জটিলতার কারণে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া যায়নি বলে তাঁকে জানানো হয়।

 

বর্তমানে ইউনিভার্সিটি কলেজ লন্ডনে (ইউসিএল) ইংরেজি শিক্ষক হওয়ার প্রশিক্ষণ নিচ্ছেন কাসাম। তাঁর অভিজ্ঞতা যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে মুসলিম শিক্ষার্থীদের নিরাপত্তা ও বৈষম্যের বিষয়টি সামনে এনেছে।

 

প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষ করে হিজাব পরা মুসলিম নারীরা তুলনামূলক বেশি ইসলামবিদ্বেষের শিকার হচ্ছেন। এ পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মুসলিম শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং বৈষম্যের বিরুদ্ধে কার্যকর অভিযোগ ব্যবস্থার প্রয়োজনীয়তা নতুন করে আলোচনায় এসেছে।

26 November 2026

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে ৩৮ শতাংশ মুসলিম শিক্ষার্থী ইসলামোফোবিয়ার শিকার

বিস্তারিত কমেন্টে