১৬ ডিসেম্বর হাসিনার দেশে ফেরার খবর দেওয়া সেই মোজাম্মেল আলী কে?

bilatbanglanews.com
প্রকাশিত November 24, 2026
১৬ ডিসেম্বর হাসিনার দেশে ফেরার খবর দেওয়া সেই মোজাম্মেল আলী কে?

বিবিএন ডেস্ক:

মহান বিজয় দিবস উপলক্ষে আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর দেশে ফেরার ইচ্ছার কথা আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী। এরপর থেকেই আলোচনায় উঠে এসেছেন তিনি।

 

সৈয়দ মোজাম্মেল আলী একজন ব্রিটিশ-বাংলাদেশি ব্যবসায়ী, রাজনৈতিক বিশ্লেষক ও লেখক। বর্তমানে তিনি যুক্তরাজ্যে বসবাস করছেন। বাংলাদেশের রাজনীতি, ইতিহাস, মানবাধিকার ও আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে লেখালেখি ও বিশ্লেষণমূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন তিনি।

 

যুক্তরাজ্যের সরকারি কোম্পানি নিবন্ধন সংক্রান্ত নথি অনুযায়ী, মোজাম্মেল আলীর জন্ম ১৯৪৯ সালের জানুয়ারিতে। তিনি ব্রিটিশ নাগরিক এবং দেশটির সারে অঞ্চলে বসবাস করেন। মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২১ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার তাঁকে বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেয়।

 

মোজাম্মেল আলী লন্ডনভিত্তিক বাংলাদেশবিষয়ক গবেষণা ও আলোচনামূলক প্রতিষ্ঠান ‘স্টাডি সার্কেল লন্ডন’-এর চেয়ারম্যান। প্রতিষ্ঠানটির মাধ্যমে যুক্তরাজ্য ও ইউরোপের বিভিন্ন পর্যায়ে বাংলাদেশের রাজনীতি, মানবাধিকার, উন্নয়ন ও আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে সেমিনার ও আলোচনা সভার আয়োজন করা হয়।

 

রাজনৈতিক বিশ্লেষক হিসেবে বাংলাদেশের সমসাময়িক রাজনীতি ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন বিষয় নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে নিবন্ধ ও মতামত প্রকাশ করেছেন তিনি। বিশেষ করে আওয়ামী লীগ সরকারের কর্মকাণ্ড তুলে ধরা এবং দলটির বিরুদ্ধে ওঠা সমালোচনার জবাব দেওয়ার ক্ষেত্রে তাঁকে সক্রিয় দেখা গেছে।

 

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ও শেখ হাসিনার দেশত্যাগের পর আন্তর্জাতিক গণমাধ্যমে তাঁর পক্ষে বক্তব্য ও বিবৃতি দিয়ে আলোচনায় আসেন মোজাম্মেল আলী। শেখ হাসিনার রাজনৈতিক অবস্থান, আওয়ামী লীগের কার্যক্রম এবং বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন সময়ে বিদেশি সংবাদমাধ্যমে কথা বলেছেন তিনি।

 

সম্প্রতি রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনার কথা জানান এই মুখপাত্র। তিনি জানান, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনাকে বাংলাদেশের একটি উড়োজাহাজে ভারতে নেওয়া হয়েছিল। এবার দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্যও সরকারের কাছে একইভাবে আকাশপথে পরিবহনের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন তিনি।

 

মোজাম্মেল আলীর ভাষ্য, শেখ হাসিনাকে সংবিধানবহির্ভূতভাবে নির্বাসনে পাঠানো হয়েছে। তাই বিজয় দিবসে তাঁর দেশে ফেরা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।

 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা এবারই প্রথম দেশে ফেরার জন্য নির্দিষ্ট কোনো তারিখ জানিয়েছেন। তবে ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলন ঘিরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় থাকায় দেশে ফেরার ঘোষণাটি রাজনৈতিক আলোচনার পাশাপাশি আইনি দিক থেকেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

24 November 2026

১৬ ডিসেম্বর হাসিনার দেশে ফেরার খবর দেওয়া সেই মোজাম্মেল আলী কে?

বিস্তারিত কমেন্টে