বিবিএন ডেস্ক:
ব্রিটেনের বার্মিংহামে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে সাবেক সহকর্মী মুহাম্মদ উমাইরকে (৩৯) ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে আফগান আশ্রয়প্রার্থী আহমদ আলকোজাইয়ের (২৯) বিরুদ্ধে। হত্যাকাণ্ডের সময় উমাইর পাকিস্তানে থাকা স্ত্রীর সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন।
বুধবার বার্মিংহাম ক্রাউন কোর্টে মামলার শুনানিতে প্রসিকিউশন জানায়, গত ৪ জুন স্পার্কব্রুক এলাকার ওয়ালফোর্ড রোডে এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, হামলার অন্তত তিন ঘণ্টা আগে স্মল হিথ এলাকার একটি দোকান থেকে ছুরির সেট কেনেন আলকোজাই। পরে কয়েক ঘণ্টা ধরে উমাইরের ফেরার পথের আশপাশে অপেক্ষা করেন তিনি।
আদালতে সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীর বক্তব্য উপস্থাপন করা হয়। প্রসিকিউশনের দাবি, উমাইর বাড়ি ফেরার পথে ভিডিও কলে কথা বলার সময় তার ওপর হামলা চালানো হয়। এক প্রত্যক্ষদর্শী জানান, হামলাকারী বারবার ছুরিকাঘাত করেন। পরে গাড়ির হর্নের কারণে তিনি বাধাগ্রস্ত হন।
হামলার পর আলকোজাই ঘটনাস্থল থেকে পালিয়ে বাড়িতে গিয়ে পোশাক পরিবর্তন করেন। এরপর ৫০ পাউন্ড নগদ টাকা তুলে বার্মিংহামের ডিগবেথ কোচ স্টেশন থেকে রাত ১০টা ১৫ মিনিটে ব্রিস্টলগামী বাসে ওঠেন। পরদিন ভোরে তাকে গ্রেপ্তার করা হয়।
আলকোজাইয়ের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। তবে তিনি অভিযোগ অস্বীকার করেছেন। অন্যদিকে, জনসমক্ষে ছুরি বহনের অভিযোগ স্বীকার করেছেন তিনি। বার্মিংহাম ক্রাউন কোর্টে মামলার বিচার চলছে।
সূত্র: বার্মিংহাম লাইভ