ঐতিহাসিক দিনে দেশে ফিরতে চান শেখ হাসিনা, প্রত্যাবর্তনের সম্ভাব্য তারিখ ১৬ ডিসেম্বর

bilatbanglanews.com
প্রকাশিত November 24, 2026
ঐতিহাসিক দিনে দেশে ফিরতে চান শেখ হাসিনা, প্রত্যাবর্তনের সম্ভাব্য তারিখ ১৬ ডিসেম্বর

বিবিএন ডেস্ক:

বাংলাদেশের বিজয় দিবস ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা করেছেন আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে তাঁর মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলি এ তথ্য জানিয়েছেন। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার মধ্যে এই প্রথম দেশে ফেরার নির্দিষ্ট তারিখ জানালেন শেখ হাসিনা।

 

বাংলাদেশের ইতিহাসে ১৬ ডিসেম্বর অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ নয় মাসের মুক্তিযুদ্ধের অবসান ঘটে। ঢাকার তৎকালীন রেসকোর্স ময়দানে পাকিস্তানি সেনাবাহিনী বাংলাদেশ ও ভারতের যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে। দিনটি বাংলাদেশে বিজয় দিবস হিসেবে পালিত হয়।

 

শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলি রয়টার্সকে বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় বিমানে গিয়েছিলেন। তাই দিল্লি থেকে তাঁকে ঢাকায় ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকারেরই বিমানের ব্যবস্থা করা উচিত। তিনি আরও বলেন, সংবিধানবহির্ভূতভাবে শেখ হাসিনাকে নির্বাসিত করা হয়েছে। বিজয় দিবসে তাঁর দেশে ফেরার দায়িত্ব এখন সরকারের।

 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজে দেশে ফিরতে চান শেখ হাসিনা। এ বিষয়ে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের কাছে আবেদন জানিয়েছেন আওয়ামী লীগ নেত্রী।

 

তবে ১৬ ডিসেম্বর শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি বাংলাদেশ সরকার। এরই মধ্যে বাংলাদেশের এক মন্ত্রী রয়টার্সকে জানিয়েছেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। তাঁকে দেশে ফেরাতে বিমানের ব্যবস্থা করার বিষয়ে ভারতের সঙ্গে কোনো আলোচনা হয়নি বলেও জানান তিনি।

 

উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন। ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি মোহাম্মদ আমিনুল ইসলাম জানিয়েছেন, দেশে ফিরলে তাঁকে মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে হবে। তাঁর দাবি, রায়ের বিরুদ্ধে আপিল করার নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় মৃত্যুদণ্ড কার্যকর ছাড়া আর কোনো বিকল্প নেই। তবে শেখ হাসিনা এর আগে জানিয়েছেন, যেকোনো পরিস্থিতিতেই তিনি দেশে ফিরতে চান। গ্রেপ্তার বা মৃত্যুভয় তাঁর সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবে না বলেও দাবি করেছেন তিনি।

 

২০২৪ সালের আগস্টে গণবিক্ষোভের মুখে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। একই সময়ে প্রধানমন্ত্রীর পদ থেকেও পদত্যাগ করেন তিনি। এরপর থেকে ভারতে অবস্থান করছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা।

 

দেশ ছাড়ার পর ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। পরবর্তী সময়ে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন কমিশন তাঁর জাতীয় পরিচয়পত্রও লক করে দেয়।

 

পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ফিরে পেতে গত ৯ নভেম্বর নয়াদিল্লির বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে ঢাকায় চিঠি পাঠান শেখ হাসিনা। তবে ওই চিঠির বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো জবাব দেওয়া হয়নি। পরে গত ১৯ নভেম্বর আবারও চিঠি পাঠিয়ে বিষয়টি জরুরি ভিত্তিতে বিবেচনার অনুরোধ জানান তিনি।

 

ঢাকার একাধিক সূত্রের বরাতে জানা গেছে, শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার বিষয়ে সরকারের ইতিবাচক কোনো অবস্থান নেই। তাঁর চিঠির আনুষ্ঠানিক জবাব না পাওয়ায় আইনজীবীর মাধ্যমে দ্বিতীয়বার আবেদন করা হয়েছে।

 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডনের ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবী স্টিভেন পাওয়েলস শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই পরিচালনা করছেন। তিনি তাঁর বৈধ প্রতিনিধি কি না, সে বিষয়ে প্রমাণ চেয়েছিল বাংলাদেশ সরকার। দ্বিতীয় চিঠির সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে সেই প্রমাণ দেওয়ার চেষ্টা করেছেন আইনজীবী।

 

**সূত্র: রয়টার্স, এনডিটিভি।**

24 November 2026

ঐতিহাসিক দিনে দেশে ফিরতে চান শেখ হাসিনা, প্রত্যাবর্তনের সম্ভাব্য তারিখ ১৬ ডিসেম্বর

বিস্তারিত কমেন্টে