ওল্ডহামে পার্কের প্রবেশপথে ছুরিকাঘাত, আহত দুই তরুণ

bilatbanglanews.com
প্রকাশিত November 22, 2026
ওল্ডহামে পার্কের প্রবেশপথে ছুরিকাঘাত, আহত দুই তরুণ

বিবিএন ডেস্ক:

যুক্তরাজ্যের গ্রেটার ম্যানচেস্টারের ওল্ডহামে জনপ্রিয় আলেকজান্দ্রা পার্কে ছুরিকাঘাতের ঘটনায় ১৮ বছর বয়সী দুই তরুণ আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ (জিএমপি)।

 

শনিবার (২১ নভেম্বর) বিকেল ৫টার কিছু আগে পার্কের প্রবেশপথের কাছে দুই তরুণ আহত অবস্থায় পড়ে থাকার খবর পায় জরুরি সেবা বিভাগ। পরে পুলিশ ও চিকিৎসাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাঁদের উদ্ধার করেন।

 

পুলিশ জানিয়েছে, দুজনের শরীরে ছুরিকাঘাতের আঘাত রয়েছে। তবে তাঁদের আঘাত প্রাণঘাতী নয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

 

ঘটনার পর পার্কের সংশ্লিষ্ট এলাকা ঘিরে রেখে তদন্ত শুরু করে পুলিশ। শনিবার সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।

 

ওল্ডহাম পুলিশের অপরাধ তদন্ত বিভাগের ডিটেকটিভ ইন্সপেক্টর কেলি প্যাটারসন বলেন, দুই তরুণের আঘাত প্রাণঘাতী না হওয়া স্বস্তির বিষয়। তবে জনবসতিপূর্ণ এলাকায় ছুরি নিয়ে সহিংসতার কোনো স্থান নেই। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে গুরুত্বের সঙ্গে তদন্ত চলছে।

 

তিনি জানান, তদন্ত চলাকালে পার্ক ও আশপাশের এলাকায় পুলিশের উপস্থিতি বাড়ানো হবে। পাশাপাশি তদন্তের স্বার্থে সাধারণ মানুষকে ঘটনাস্থল থেকে দূরে থাকার অনুরোধ জানানো হয়েছে।

 

বিশেষ করে ঘটনার সময় পার্কের ‘লায়ন্স ডেন’ (Lions Den) এলাকায় উপস্থিত ব্যক্তিদের কাছে কোনো তথ্য থাকলে তা পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

 

তথ্য দেওয়ার আহ্বান: ঘটনার বিষয়ে কোনো তথ্য থাকলে ১০১ নম্বরে ফোন করে 2243 of 21.11.26 রেফারেন্স উল্লেখ করতে বলা হয়েছে। পরিচয় গোপন রেখে তথ্য দিতে ক্রাইমস্টপার্সের 0800 555 111 নম্বরেও যোগাযোগ করা যাবে।

22 November 2026

ওল্ডহামে পার্কের প্রবেশপথে ছুরিকাঘাত, আহত দুই তরুণ

বিস্তারিত কমেন্টে