জমি নিয়ে বিরোধে ১৩ ঘণ্টা ধরে পড়ে আছে বাবার মরদেহ, দাফনে বাধা ৪ সন্তানের

bilatbanglanews.com
প্রকাশিত November 21, 2026
জমি নিয়ে বিরোধে ১৩ ঘণ্টা ধরে পড়ে আছে বাবার মরদেহ, দাফনে বাধা ৪ সন্তানের

বিবিএন ডেস্ক:

ঝিনাইদহের মহেশপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বাবার মরদেহ দাফনে বাধা দিয়েছেন এক ছেলে ও তিন মেয়ে। মৃত্যুর প্রায় ১৩ ঘণ্টা পেরিয়ে গেলেও পারিবারিক বিরোধের কারণে মরদেহ দাফন করা সম্ভব হয়নি।

 

মারা যাওয়া ব্যক্তির নাম মো. মাহাবুর তরফদার (৮০)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে যশোরের চৌগাছা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শুক্রবার (২০ নভেম্বর) সকালে মহেশপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের গাড়াবাড়ীয়া তরফদার পাড়ায় এ ঘটনা ঘটে।

 

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, মাহাবুর তরফদারের তিন ছেলে ও তিন মেয়ে রয়েছেন। অভিযোগ, বড় ছেলে মনিরুল তরফদার ও ছোট ছেলে শফি তরফদার বাবাকে দিয়ে জোরপূর্বক জমি নিজেদের নামে রেজিস্ট্রি করে নিয়েছেন।

 

বাবার মৃত্যুর খবর পেয়ে শুক্রবার সকালে বাড়িতে আসেন মেজ ছেলে বাক্‌প্রতিবন্ধী রফিকুল তরফদার এবং তিন মেয়ে সেলিনা বেগম, পারভীনা আক্তার ও রিনা খাতুন। এ সময় তারা বাবার মরদেহ দাফনে বাধা দেন। তাদের দাবি, প্রাপ্য জমি ফিরিয়ে না দেওয়া পর্যন্ত বাবার মরদেহ দাফন করতে দেবেন না। দীর্ঘদিন ধরে বাবার সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তারা।

 

পারিবারিক সূত্রে আরও জানা যায়, গত দুই বছর ধরে রফিকুল তরফদার ও তার তিন বোনকে বাবার সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছিল না। এ ঘটনায় তারা আদালতে মামলাও দায়ের করেছিলেন।

 

তবে বাবার জমি জোরপূর্বক রেজিস্ট্রি করে নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন বড় ছেলে মনিরুল তরফদার ও ছোট ছেলে শফি তরফদার। তাদের দাবি, কোনো জোরজবরদস্তি করা হয়নি; বরং বাবা নিজ ইচ্ছায় তাদের দুই ভাইয়ের নামে জমি রেজিস্ট্রি করে দিয়েছেন।

 

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিরসনে স্থানীয়ভাবে দফায় দফায় মীমাংসার চেষ্টা চলছে।

 

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

21 November 2026

জমি নিয়ে বিরোধে ১৩ ঘণ্টা ধরে পড়ে আছে বাবার মরদেহ, দাফনে বাধা ৪ সন্তানের

বিস্তারিত কমেন্টে