যুক্তরাজ্যের সবচেয়ে অসুখী এলাকা নির্বাচিত পূর্ব লন্ডনের বার্কিং অ্যান্ড ড্যাগেনহ্যাম

bilatbanglanews.com
প্রকাশিত November 23, 2026
যুক্তরাজ্যের সবচেয়ে অসুখী এলাকা নির্বাচিত পূর্ব লন্ডনের বার্কিং অ্যান্ড ড্যাগেনহ্যাম

বিবিএন ডেস্ক:

লন্ডন, যুক্তরাজ্য: যুক্তরাজ্যে বসবাসের জন্য সবচেয়ে অসুখী এলাকা হিসেবে উঠে এসেছে পূর্ব লন্ডনের বার্কিং অ্যান্ড ড্যাগেনহ্যাম (Barking and Dagenham)। সম্প্রতি প্রকাশিত রাইটমুভের (Rightmove) ‘হ্যাপি অ্যাট হোম ইনডেক্স’ জরিপে এ তথ্য উঠে এসেছে। এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল।

 

এলাকাটিতে উল্লেখযোগ্যসংখ্যক বাংলাদেশিসহ প্রায় ২ লাখ ৩৮ হাজার মানুষের বসবাস। যুক্তরাজ্যের ২২১টি এলাকার ২৪ হাজারের বেশি মানুষের মতামতের ভিত্তিতে পরিচালিত এ জরিপে সবুজ জায়গা, কর্মসংস্থান, দোকানপাট, প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কসহ ১৫টি বিষয় বিবেচনায় নেওয়া হয়।

 

জরিপে দেখা গেছে, ২০২৪ সালে বার্কিং অ্যান্ড ড্যাগেনহ্যাম যুক্তরাজ্যের তৃতীয় অসুখী এলাকা হিসেবে চিহ্নিত হয়েছিল। এবার আরও নিচে নেমে তালিকার সর্বশেষ অবস্থানে রয়েছে এলাকাটি। অন্য একটি জরিপেও একাকিত্ব ও সামাজিক সম্পর্কের বিবেচনায় এলাকাটিকে যুক্তরাজ্যের কম বন্ধুত্বপূর্ণ স্থানগুলোর মধ্যে শীর্ষে রাখা হয়েছে।

 

ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, বার্কিংয়ের প্রধান সড়কের অনেক দোকান বন্ধ ও পরিত্যক্ত অবস্থায় রয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দিনের বেলায় পরিস্থিতি স্বাভাবিক থাকলেও সন্ধ্যার পর মাদক ব্যবসা, মাদকাসক্ত ব্যক্তিদের আনাগোনা, পকেটমার ও ছিনতাইয়ের ঘটনায় নিরাপত্তাহীনতা বাড়ে। এ কারণে অন্ধকারের পর অনেকেই একা বাইরে বের হতে ভয় পান।

 

তবে তুলনামূলক কম বাড়ির দামের কারণে অনেকের কাছে এলাকাটি এখনও আবাসনের জন্য আকর্ষণীয়। সেখানে গড় বাড়ির দাম প্রায় ৩ লাখ ৭৬ হাজার পাউন্ড এবং গড় বার্ষিক আয় ৩৮ হাজার ৪৬৭ পাউন্ড।

 

এদিকে স্থানীয় কাউন্সিলের দাবি, এলাকায় মাদকসংক্রান্ত অপরাধ ৩ দশমিক ৬ শতাংশ, ছুরিসংক্রান্ত অপরাধ ১৭ দশমিক ৬ শতাংশ এবং ব্যক্তিগত ছিনতাই ১৮ দশমিক ২ শতাংশ কমেছে। পাশাপাশি ৪ কোটি পাউন্ডের ‘প্রাইড ইন প্লেস’ তহবিলের আওতায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

 

উল্লেখ্য, পূর্ব লন্ডনের বার্কিং ও ড্যাগেনহ্যাম এলাকায় বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি পরিবার, শিক্ষার্থী ও ব্যবসায়ী বসবাস করেন। তুলনামূলক কম আবাসন ব্যয়ের কারণে অনেক বাংলাদেশি পরিবার এলাকাটিকে বসবাসের জন্য বেছে নিলেও জরিপের ফলাফল ও স্থানীয় নিরাপত্তা পরিস্থিতি নতুন করে আলোচনায় এসেছে।

23 November 2026

যুক্তরাজ্যের সবচেয়ে অসুখী এলাকা নির্বাচিত পূর্ব লন্ডনের বার্কিং অ্যান্ড ড্যাগেনহ্যাম

বিস্তারিত কমেন্টে