ব্রেক্সিটের এক দশক পর যুক্তরাজ্য-ইইউর মধ্যে তিন বিষয়ে চুক্তি

bilatbanglanews.com
প্রকাশিত November 21, 2026
ব্রেক্সিটের এক দশক পর যুক্তরাজ্য-ইইউর মধ্যে তিন বিষয়ে চুক্তি

বিবিএন ডেস্ক:

ব্রেক্সিট ভোটের এক দশক পর ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাজ্যের মধ্যে তিনটি নীতিগত বিষয়ে চুক্তি হয়েছে। এ চুক্তিকে দুই পক্ষের মধ্যকার সম্পর্ক নতুন করে সাজানোর সূচনা হিসেবে দেখা হচ্ছে বলে জানিয়েছে ডাউনিং স্ট্রিট।

 

চুক্তি অনুযায়ী, উভয় পক্ষ ‘ইউথ মোবিলিটি স্কিম’ বা তরুণদের চলাচলসংক্রান্ত কর্মসূচি, স্যানিটারি ও ফাইটোস্যানিটারি (স্বাস্থ্য ও উদ্ভিদ সুরক্ষা) চুক্তি এবং নিজ নিজ কার্বন নিঃসরণ বাণিজ্য ব্যবস্থার (এমিসন ট্রেডিং সিস্টেম) মধ্যে সংযোগ স্থাপনের সময়সীমা নিয়ে একমত হয়েছে।

 

এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে একটি যৌথ বিবৃতির মাধ্যমে প্রকাশ করা হবে। যুক্তরাজ্য সরকারের একজন মুখপাত্র বলেন, ‘চুক্তি সম্পন্ন হয়েছে। আলোচনা শেষ হয়েছে। উভয় পক্ষই এখন তা বাস্তবায়নের জন্য কাজ করবে।’

 

তিনি আরও বলেন, ‘যেকোনো আন্তর্জাতিক চুক্তির মতোই এখন প্রতিটি দেশকে নিজস্ব আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। পাশাপাশি, কিছু নির্দিষ্ট বিষয়ে আলোচনা অব্যাহত থাকবে।’

 

তবে এসব চুক্তি স্বাক্ষরিত হলেও দ্বিপক্ষীয় সম্পর্কের আরও গভীর পরিবর্তনের জন্য দীর্ঘ আলোচনা প্রয়োজন হতে পারে। বিশেষ করে শিক্ষার্থীদের টিউশন ফি এবং পণ্য উৎপাদনসংক্রান্ত নিয়মাবলির মতো বিষয়গুলো এখনো আলোচনার অপেক্ষায় রয়েছে।

 

এর আগে প্রধানমন্ত্রী বার্নহ্যাম ব্রিটিশ জনগণের উদ্দেশে বলেছিলেন, ভবিষ্যতে ইউরোপের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সব বিকল্পই খোলা রাখা উচিত। এমনকি ২৭ সদস্যের ইউরোপীয় ইউনিয়নে পুনরায় যোগ দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।

 

তবে ইইউতে পুনরায় যোগ দেওয়ার সম্ভাবনা এবং সাম্প্রতিক চুক্তিগুলো ব্রিটিশ জনগণের ইউরোপবিরোধী অংশের মধ্যে ক্ষোভের সৃষ্টি করতে পারে।

21 November 2026

ব্রেক্সিটের এক দশক পর যুক্তরাজ্য-ইইউর মধ্যে তিন বিষয়ে চুক্তি

বিস্তারিত কমেন্টে