বিবিএন ডেস্ক:
যুক্তরাজ্যে পড়াশোনা শেষে স্টুডেন্ট লোন পরিশোধ না করলে বিদেশি গ্র্যাজুয়েটদের পুনরায় প্রবেশে নিষেধাজ্ঞা এবং দেশটিতে অবস্থানরত ঋণখেলাপিদের বহিষ্কারের প্রস্তাব দিয়েছে রিফর্ম ইউকে।
দলটির স্বরাষ্ট্রবিষয়ক মুখপাত্র জিয়া ইউসুফ জানিয়েছেন, বকেয়া শিক্ষাঋণ পরিশোধ না করা পর্যন্ত বিদেশি গ্র্যাজুয়েটদের যুক্তরাজ্যে প্রবেশ করতে দেওয়া হবে না। পাশাপাশি শিক্ষাঋণ কোম্পানির সঙ্গে হোম অফিসের তথ্য বিনিময়ের ব্যবস্থাও চালু করতে চায় দলটি।
দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী, গত এক বছরে যুক্তরাজ্যে পড়াশোনা শেষে বিদেশে বসবাসরত প্রায় ৪৪ হাজার ইউরোপীয় ইউনিয়নের গ্র্যাজুয়েট শিক্ষাঋণের কিস্তি পরিশোধ করেননি।
রিফর্ম ইউকের হিসাব অনুযায়ী, যুক্তরাজ্যে পড়াশোনা করা ১ লাখ ৭২ হাজার ইউরোপীয় ইউনিয়নের নাগরিকের কাছে মোট ৬২৩ কোটি পাউন্ড শিক্ষাঋণ বকেয়া রয়েছে। এসব ঋণ আদায় করা না গেলে বিশ্ববিদ্যালয়গুলো ১৫০ কোটি পাউন্ডের বেশি অর্থ হারাতে পারে বলে দাবি দলটির।
এ ছাড়া বিদেশি শিক্ষার্থীদের সরকারি অর্থায়নে শিক্ষাঋণ দেওয়া বন্ধ করে সেই অর্থ দিয়ে ব্রিটিশ তরুণদের জন্য ৬ লাখ শিক্ষানবিশির সুযোগ তৈরির পরিকল্পনা রয়েছে দলটির।
জিয়া ইউসুফের দাবি, ব্রিটিশ তরুণরা নানা সংকটে থাকলেও করদাতাদের বিপুল অর্থ বিদেশি নাগরিকদের শিক্ষাঋণ হিসেবে দেওয়া হচ্ছে। বিদেশি ঋণগ্রহীতাদের প্রায় অর্ধেক গত এক বছরে কোনো কিস্তি পরিশোধ করেননি।
এদিকে, গত পাঁচ বছরে বিদেশি শিক্ষার্থীদের বছরে সর্বোচ্চ ১৩ হাজার পাউন্ড পর্যন্ত শিক্ষাঋণ পাওয়ার সংখ্যা ৬০ শতাংশ বেড়েছে। বর্তমানে ২ লাখ ৬২ হাজার বিদেশি শিক্ষার্থী এ ধরনের ঋণ পেয়েছেন।
অন্যদিকে, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সম্প্রতি ১৮ থেকে ৩১ বছর বয়সীদের জন্য তিন বছর পর্যন্ত বসবাস, কাজ ও পড়াশোনার সুযোগ নিয়ে যুব চলাচল চুক্তি হয়েছে। তবে ইউরোপীয় শিক্ষার্থীদের টিউশন ফি নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধ রয়েছে। ইউরোপীয় ইউনিয়ন তাদের শিক্ষার্থীদের টিউশন ফি ৩৮ হাজার পাউন্ড থেকে কমিয়ে ব্রিটিশ শিক্ষার্থীদের সমপরিমাণ ৯ হাজার ৯৭০ পাউন্ড করার দাবি জানিয়েছে। এ বিষয়ে সমঝোতার জন্য ছয় মাস সময় নির্ধারণ করা হয়েছে।
সূত্র: দ্য টেলিগ্রাফ