বিবিএন ডেস্ক:
যুক্তরাজ্যে নতুন রেন্টার্স রাইটস অ্যাক্ট কার্যকর হওয়ার পর অযৌক্তিক বাড়িভাড়া বৃদ্ধির বিরুদ্ধে আইনি প্রতিকার পাচ্ছেন লন্ডনের অনেক ভাড়াটিয়া। ফার্স্ট-টিয়ার ট্রাইব্যুনালে ভাড়া বৃদ্ধির প্রস্তাব চ্যালেঞ্জ করে ক্রাউচ হিল, এলিফ্যান্ট অ্যান্ড ক্যাসেল ও শ্যাডওয়েলের বাসিন্দারা ভাড়া কমানো বা বৃদ্ধি ঠেকাতে সক্ষম হয়েছেন। এতে বছরে ১ হাজার ২০০ থেকে আড়াই হাজার পাউন্ড পর্যন্ত সাশ্রয় হচ্ছে তাঁদের।
ট্রাইব্যুনাল ফ্ল্যাটের অবস্থা, বিভিন্ন ত্রুটি ও স্থানীয় বাজারদর বিবেচনা করে ন্যায্য ভাড়া নির্ধারণ করছে। নতুন আইন অনুযায়ী, বছরে সর্বোচ্চ একবার অন্তত দুই মাসের নোটিশ দিয়ে বাড়িভাড়া বাড়ানোর প্রস্তাব দেওয়া যাবে। তবে ভাড়াটিয়া ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত ট্রাইব্যুনালে চ্যালেঞ্জ করলে সে কারণে তাঁকে উচ্ছেদ করা যাবে না।
লন্ডনের উচ্চ আবাসন ব্যয়ের মধ্যে নতুন আইনটি ভাড়াটিয়াদের জন্য বাড়তি আইনি সুরক্ষা ও আর্থিক স্বস্তি তৈরি করছে বলে মনে করা হচ্ছে।