বিবিএন ডেস্ক:
ছাতকে সুরমা ব্রিজের মুখে বাঁশখালা গ্রামের কাছে একটি স্বাদ কোম্পানির অটোরিকশা গতিরোধ করে ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। বুধবার রাত আনুমানিক ৮টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, কয়েকজন ছিনতাইকারী অটোরিকশাটির গতিরোধ করে চালক ও কোম্পানির ডিএসআরকে অস্ত্রের মুখে জিম্মি করে ফসলি জমিতে নিয়ে যায়। সেখানে তাদের মারধর করে আনুমানিক ৩০ হাজার টাকা, একটি আইফোন, একটি অ্যান্ড্রয়েড ফোন ও একটি বাটন ফোন ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ।
স্থানীয়দের অভিযোগ, সুরমা ব্রিজ এলাকার সড়কবাতিগুলো দীর্ঘদিন ধরে অচল থাকায় রাতের বেলায় পুরো এলাকা অন্ধকারে থাকে। এ সুযোগে সেখানে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা প্রায়ই ঘটছে।
সড়কবাতি সচলের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বারবার আবেদন জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে স্থানীয়দের দাবি। সন্ধ্যার পর অন্ধকারাচ্ছন্ন এই এলাকা দিয়ে চলাচল করতে সাধারণ মানুষ আতঙ্কে থাকেন। এমনকি রাতে অনেক যানবাহনও এ পথে চলাচল করতে অনাগ্রহ দেখায়।
নিরাপদ চলাচল নিশ্চিত করতে দ্রুত সড়কবাতি সচলসহ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।