সুনামগঞ্জ প্রতিনিধি:
জেলা প্রশাসনের উদ্যোগে সুনামগঞ্জ জেলার তাহিরপুর ও দোয়ারাবাজার উপজেলার সীমান্ত নদী গুলোতে দীর্ঘদিন ধরেই চলে আসা অবৈধ বালু-পাথর উত্তোলন বন্ধে এবার প্রশাসন নড়েচড়ে বসেছে। তারই অংশ হিসেবে ৫ অক্টোবর দোয়ারাবাজার ও তাহিরপুর উপজেলায় পৃথক টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়।
দোয়ারাবাজারের চেলা-মরা চেলা বালুমহালে টাস্কফোর্স অভিযানে নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের নাম-পরিচয় সংগ্রহ করা হয়। এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের মাধ্যমে নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।
তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে অভিযান চালিয়ে ৭টি কোনা জাল ও ৬ বস্তা (প্রায় ১২,০০০ ফুট) কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়। এ ঘটনায় ৬টি মামলা দায়ের করে ৩০,০০০ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।
এছাড়া একই উপজেলার পাথারগাঁওয়ে মাটির উপরিস্তর কর্তনের দায়ে একজনকে ২,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অবৈধ বালু উত্তোলন, ভূমির উপরিস্তর কর্তন ও নিষিদ্ধ জাল ব্যবহার প্রতিরোধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
