সুনামগঞ্জ প্রতিনিধি:
৫ অক্টোবর সুনামগঞ্জ সদর উপজেলার উপজেলা পরিষদে হাসাউড়া গ্রামের আনারস চাষের সম্প্রসারণ এবং আনারসকে জিআই (GI) পণ্য হিসেবে অন্তর্ভুক্তকরণের লক্ষ্যে কৃষক ও সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান।
মতবিনিময় সভায় কৃষক-উদ্যোক্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।
সভায় হাসাউড়ার আনারসের উৎপাদন ও গুণগত মান উন্নয়ন, কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ, দেশের বাজারে এ আনারসের পরিচিতি বৃদ্ধি, ব্র্যান্ডিং, বাজার সৃষ্টি ও সম্প্রসারণ এবং ভবিষ্যতে আনারসকে জিআই পণ্য হিসেবে অন্তর্ভুক্তির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
জেলা প্রশাসক বলেন, হাসাউড়ার আনারসের স্বাতন্ত্র্য ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে এর ব্র্যান্ডিং ও বাজার সম্প্রসারণের মাধ্যমে কৃষকদের আয় ও জীবনমান উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে উৎপাদিত এ কৃষিপণ্যের দেশব্যাপী পরিচিতি ও বাজার তৈরি করতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।