• [english_date] , [bangla_date] , [hijri_date]

ছাতকের চাঁনপুরে রাস্তা নির্মাণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত শতাধিক

bilatbanglanews.com
প্রকাশিত September 24, 2026
ছাতকের চাঁনপুরে রাস্তা নির্মাণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত শতাধিক

ছাতক প্রতিনিধি:

সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের চাঁনপুর গ্রামে কাপনা নদীতে বাঁধ নির্মাণ করে রাস্তা তৈরিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে এ সংঘর্ষে উভয় পক্ষের শতাধিক লোক আহত হয়েছেন বলে জানা গেছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, চাঁনপুর গ্রামের আব্দুল মালিকের ছেলে সাবেক ইউপি সদস্য কমর উদ্দিন ও মশক আলীর ছেলে রুশমত আলীর পক্ষের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই মধ্যে বৃহস্পতিবার সকালে এক পক্ষ কাপনা নদীতে বাঁধ নির্মাণ করে রাস্তা তৈরির উদ্যোগ নেয়। এতে অপর পক্ষ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

 

পরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের শতাধিক লোক আহত হন বলে স্থানীয়রা জানিয়েছেন।

 

আহতদের মধ্যে রবি আলী (৫৫), জালু মিয়া (৫০), ইসলাম উদ্দিন (৫৫), মুজিবুর রহমান (৫০), ময়নুল হক (২৭), আব্দুল আজিজ (২৮), ইকবাল হোসেন (৩১), নজরুল হক (২৬), তোফাজ্জল হোসেন (৪০), আবুল বশর (৪৫), তোফায়েল আহমেদ (২২), সুয়েব আহমদ (২৬), এমদাদুল ইসলাম (১৮), রাজ উদ্দিন (৩৫), আঙ্গুর আলম (২৫), সাজু উদ্দিন (৩৫), মুজাম্মিল আলী (৩৫), হেলাল মিয়া (৪০), তারিছ মিয়া (৪৪), ফারুক মিয়া (৫০) ও সৈয়দ আহমদ (৫০) রয়েছেন।

 

গুরুতর আহত ৩০ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া অন্যান্য আহতদের কৈতক হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং কয়েকজনকে বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

 

সংঘর্ষের খবর পেয়ে স্থানীয় লোকজন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।

 

জাউয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোস্তফা কামাল বলেন, “বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”