বিবিএন ডেস্ক:
যুক্তরাজ্যের রাজনৈতিক দল রিফর্ম ইউকের স্কটল্যান্ড শাখার উপনেতা থমাস কের জনসমাগমস্থলে বোরকা ও নিকাব পরার বিরুদ্ধে প্রকাশ্য অবস্থান নিয়ে স্কটল্যান্ডের রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্কের জন্ম দিয়েছেন।
মুসলিম নারীদের মুখ ঢাকা এই পোশাকগুলোকে নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ ও ‘ভীতিকর’ আখ্যা দিয়ে স্কটল্যান্ডকে ‘খ্রিস্টান দেশ’ হিসেবে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে জনসমাগমস্থলে বোরকা ও নিকাব নিষিদ্ধের পক্ষে যুক্তি দেন।
তবে গত ৪ নভেম্বর স্কটিশ পার্লামেন্টে (হলিরুড) রিফর্ম ইউকের উত্থাপিত এ-সংক্রান্ত প্রস্তাব প্রত্যাখ্যাত হয়। স্কটিশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমনে সন্দেহভাজন ব্যক্তিদের মুখের আবরণ সরানোর জন্য পুলিশের বিদ্যমান আইনগত ক্ষমতাই যথেষ্ট।
এদিকে থমাস কেরের বক্তব্যকে বর্ণবাদী, বিভাজনমূলক ও ইসলামবিদ্বেষী আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেছেন স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার জন সুইনি, স্কটিশ গ্রিনস এবং মুসলিম নারী অধিকার সংগঠন ‘আমিনা’।
সমালোচকদের মতে, স্কটল্যান্ডে মুসলিম নারীদের অত্যন্ত ক্ষুদ্র একটি অংশ বোরকা ও নিকাব পরলেও বিষয়টি নিয়ে রাজনৈতিক বিতর্ক সৃষ্টি করে সমাজে বিভাজন উসকে দেওয়া হচ্ছে। এ ধরনের বক্তব্য মুসলিম নারীদের নিরাপত্তা ও স্বাধীনভাবে জীবনযাপনের অধিকারকে হুমকির মুখে ফেলতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন মানবাধিকারকর্মীরা।