• [english_date] , [bangla_date] , [hijri_date]

জনতা আটক করলেও পুলিশের হেফাজত থেকে মুক্ত হাজী স্বপন

bilatbanglanews.com
প্রকাশিত September 14, 2026
জনতা আটক করলেও পুলিশের হেফাজত থেকে মুক্ত হাজী স্বপন

ছাতক প্রতিনিধি:

ছাতকে আওয়ামী লীগ নেতা হাজী স্বপন মিয়াকে পুলিশের হেফাজত থেকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শহরের মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

 

গতকাল রবিবার (১৩ সেপ্টেম্বর) রাতে ছাতক শহরের তাহির প্লাজার সামনে থেকে সাধারণ জনতা আওয়ামী লীগ নেতা হাজী স্বপন মিয়াকে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

 

হাজী স্বপন মিয়া দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের শারপিন নগর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। বর্তমানে তিনি ছাতক পৌর শহরের ছোরাব নগর এলাকায় বসবাস করছেন।

 

আটকের পর হাজী স্বপন মিয়াকে পুলিশ হেফাজতে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাতেই হাসপাতাল থেকে পুলিশ তাকে ছেড়ে দিয়েছে বলে জানা গেছে।

 

স্থানীয় বিএনপির একাধিক নেতৃবৃন্দ অভিযোগ করেন, আগে থেকেই হাজী স্বপন মিয়ার কাছ থেকে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান মাসোহারা নিতেন।

 

পুলিশ হেফাজত থেকে হাজী স্বপনকে ছেড়ে দেওয়ার ঘটনায় শহরের মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ওসির প্রত্যাহারের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন স্থানীয় নেতৃবৃন্দ।

 

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাকী বিল্লাহ অভিযোগ করে বলেন, মোটা অঙ্কের রফা-দফার মাধ্যমে পুলিশ তাদের হেফাজত থেকে হাজী স্বপনকে ছেড়ে দিয়েছে।

 

ছাতক পৌরসভার সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন সুমেন অভিযোগ করে বলেন, হাজী স্বপনের মাধ্যমে থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমানের লাখ লাখ টাকার অবৈধ আয় হয়। জনতা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করলেও টাকার বিনিময়ে ওসি তাকে ছেড়ে দিয়েছেন বলে তিনি অভিযোগ করেন।

 

ছাতক পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য তানিমুল ইসলাম তানিম, যুবদল নেতা আব্দুল মোমেন মামনুন, নোমান ইমদাদ কাননসহ ছাত্রদলের কয়েকজন নেতা অভিযোগ করেন, মোটা অঙ্কের উৎকোচ নিয়ে ডেভিল হাজী স্বপনকে ছেড়ে দিয়েছেন ছাতক থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান। তারা জানান, হাজী স্বপনের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে।

 

নেতৃবৃন্দ আরও জানান, হাজী স্বপনকে পুলিশ হেফাজত থেকে ছেড়ে দেওয়া, গোপনে নিষিদ্ধ সংগঠনের লোকজনের সঙ্গে আঁতাত এবং তাদের প্রতিষ্ঠিত করার অভিযোগসহ থানায় নিয়ে তাদের সঙ্গে গল্প-গুজব করার প্রতিবাদে আজ সোমবার সন্ধ্যায় শহরে বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছে। সাধারণ জনতার ব্যানারে ওসি প্রত্যাহারের দাবিতে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তারা।