ড. ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক

bilatbanglanews.com
প্রকাশিত November 20, 2026
ড. ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক

বিবিএন ডেস্ক:

বাংলাদেশের সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনা করছেন যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক। তার অভিযোগ, বাংলাদেশে তার বিরুদ্ধে দুর্নীতির মামলা ও বিচারপ্রক্রিয়া রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছিল। এসব ঘটনার কারণে শেষ পর্যন্ত যুক্তরাজ্যের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বাধ্য হন তিনি।

 

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ‘পলিটিকস আনলিশড’ নামের একটি পডকাস্টে অংশ নিয়ে টিউলিপ নিজেকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলার শিকার বলে দাবি করেন। তিনি জানান, ড. ইউনূসের বিরুদ্ধে সম্ভাব্য আইনি পদক্ষেপ নিয়ে একজন আইনজীবীর সঙ্গে আলোচনা করেছেন। ওই আইনজীবী তাকে জানিয়েছেন, মামলা করার মতো আইনি ভিত্তি থাকতে পারে। তবে এখনো মামলা দায়েরের কোনো তথ্য পাওয়া যায়নি।

 

টিউলিপের বিরুদ্ধে অভিযোগ ছিল, তার খালা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রভাব খাটিয়ে পরিবারের জন্য পূর্বাচলে সরকারি প্লট বরাদ্দের সুবিধা নিয়েছিলেন তিনি। এ অভিযোগে দায়ের করা মামলায় ২০২৫ সালের ডিসেম্বরে বাংলাদেশের একটি আদালত তাকে অনুপস্থিতিতে দুই বছরের কারাদণ্ড দেন। একই মামলায় আরও ১৬ জনকে সাজা দেওয়া হয়।

 

তবে শুরু থেকেই নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন টিউলিপ। তার দাবি, শেখ হাসিনা ও ড. ইউনূসের দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধের কারণে তিনি পরোক্ষভাবে মামলার শিকার হয়েছেন।

 

সম্প্রতি পডকাস্টে টিউলিপ জানান, নিজের বিরুদ্ধে আনা অভিযোগের বিস্তারিত জানতে তিনি একাধিকবার চেষ্টা করেছেন। তার আইনজীবীরাও বাংলাদেশ সরকারের কাছে চিঠি পাঠিয়েছিলেন। কিন্তু সেসব চিঠির কোনো জবাব পাননি বলে দাবি করেন তিনি।

 

ড. ইউনূসের সঙ্গে সরাসরি সাক্ষাতের চেষ্টার কথাও তুলে ধরেন টিউলিপ। তার ভাষ্য, লন্ডনের ডরচেস্টার হোটেলে অবস্থানকালে ড. ইউনূসের কাছে হাতে লেখা একটি চিঠি পাঠিয়েছিলেন তিনি। একাধিকবার সামনাসামনি সাক্ষাতের চেষ্টা করলেও ড. ইউনূস তাতে সম্মতি দেননি।

 

নিজের বিরুদ্ধে মামলার বিচারপ্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন টিউলিপ। তিনি বলেন, ঠিক কী অপরাধে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে, সে বিষয়ে তার স্পষ্ট ধারণা ছিল না। এমনকি আদালতের রায়ের বিষয়টি তিনি সকালে ঘুম থেকে উঠে স্কাই নিউজের ব্রেকিং নিউজ অ্যালার্ট দেখে জানতে পারেন। পুরো অভিজ্ঞতাকে তিনি ‘কাফকাস্ক দুঃস্বপ্ন’ বলে বর্ণনা করেন।

 

এদিকে, টিউলিপের সম্ভাব্য আইনি পদক্ষেপের বিষয়ে জানতে দ্য গার্ডিয়ান ড. ইউনূসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে। তবে তার দুই ঘনিষ্ঠ সহযোগীর মাধ্যমে যোগাযোগ করা হলেও ড. ইউনূস এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

 

সূত্র: দ্য গার্ডিয়ান।

20 November 2026

ড. ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক

বিস্তারিত কমেন্টে