বিবিএন ডেস্ক:
নব্বইয়ের দশকে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) বিতর্ক প্রতিযোগিতায় যুক্তির ধার ও বক্তব্যের দৃঢ়তা দিয়ে দর্শকদের নজর কেড়েছিলেন এক কিশোরী। সেই রেবেকা শাফির শিক্ষাজীবন ও গবেষণার পথচলা তাঁকে নিয়ে গেছে যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের গবেষণাজগতে। পদার্থবিজ্ঞান থেকে ব্ল্যাক হোল নিয়ে গবেষণা, পরে মানুষের মস্তিষ্ক ও জিনের রহস্য অনুসন্ধান—তাঁর এই যাত্রা নানা কারণে আলোচনার বিষয়।
বাংলাদেশে জন্ম ও বেড়ে ওঠা রেবেকা শাফি নিজের পরিচিতিতে উল্লেখ করেছেন, তিনি একই সময়ে বাংলাদেশের এসএসসি ও এইচএসসি এবং ইউনিভার্সিটি অব লন্ডনের অধীনে ও লেভেল ও এ লেভেল সম্পন্ন করেন। পরবর্তী সময়ে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান যুক্তরাষ্ট্রে।
সেখানে তিনি ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজিতে (ক্যালটেক) পদার্থবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, স্নাতক পর্যায়ে ৪.০০-এর মধ্যে ৪.০০ জিপিএ অর্জন করেন তিনি।
এরপর হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানে পিএইচডি সম্পন্ন করেন রেবেকা। তাঁর গবেষণার বিষয় ছিল ব্ল্যাক হোলের ঘূর্ণনসহ মহাবিশ্বের বিভিন্ন জটিল বিষয়। তবে পরবর্তী সময়ে গবেষণার ক্ষেত্র পরিবর্তন করে মানুষের মস্তিষ্কের কার্যপ্রক্রিয়া ও জিনের রহস্য অনুসন্ধানে মনোযোগ দেন তিনি।
বিতর্কের মঞ্চে যুক্তি উপস্থাপনের মাধ্যমে পরিচিতি পাওয়া থেকে শুরু করে পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞানের মতো ভিন্ন গবেষণাক্ষেত্রে কাজ করার এই পথচলা রেবেকা শাফির শিক্ষাজীবনকে নতুনভাবে আলোচনায় এনেছে।