বিবিএন ডেস্ক:
সিলেট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৯ লাখ ৫০ হাজার টাকা মূল্যের চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-১৯ ব্যাটালিয়ন।
বিজিবি জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত ও শুক্রবার ভোরে পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
ভোর ৪টার দিকে জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) জৈন্তাপুরের গোয়াবাড়ি বিওপির একটি বিশেষ টহল দল কমলাবাড়ি এলাকায় অভিযান চালায়। এ সময় ভারতীয় চারটি মহিষ জব্দ করা হয়, যার সিজার মূল্য ৫ লাখ ৫০ হাজার টাকা।
অন্যদিকে, কানাইঘাটের সুরইঘাট ও লোভাছড়া বিওপির সদস্যরা পৃথক অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১৮৩টি নিভিয়া লোশন, ২২৮ প্যাকেট সিগারেট, ২০টি কম্বল ও ১২০ বিড়া খাসিয়া পান জব্দ করেন। এসব পণ্যের সিজার মূল্য ৪ লাখ ৪০০ টাকা।
জব্দ করা পণ্যের বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।