বিবিএন ডেস্ক:
সিলেট জেলা জামায়াতের নেতা লোকমান আহমদের রুকনিয়াত স্থগিত করা হয়েছে। একই সঙ্গে আজ অনুষ্ঠিত জেলা আমীর নির্বাচনের ভোটার তালিকা থেকেও তাঁর নাম বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা জামায়াতের একাধিক কর্মপরিষদ সদস্য।
নাম প্রকাশে অনিচ্ছুক জেলা কর্মপরিষদের এক সদস্য জানান, গত ৭ সেপ্টেম্বর মালিক সমিতির ব্যানারে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মিছিল আয়োজনের ঘটনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তাঁর দাবি, গত ১০ সেপ্টেম্বর নগরীর কুদরতউল্লাহ মার্কেটস্থ জেলা জামায়াত কার্যালয়ে জেলা আমীরের উপস্থিতিতে অনুষ্ঠিত কর্মপরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
ওই সদস্যের ভাষ্য অনুযায়ী, ৭ সেপ্টেম্বরের কর্মসূচি বাস্তবায়নে প্রথমদিকে জেলা আমীরের অনুমতি ছিল। তবে ৩০ আগস্ট মহানগর জামায়াতের আমীর ফখরুল ইসলাম মিছিলটি না করার পরামর্শ দেন। এরপরও ২ ও ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত জেলা কর্মপরিষদের দুই দফা বৈঠকে কর্মসূচি বাস্তবায়নের অনুমতি বহাল রাখা হয়।
এ নিয়ে সিলেট জেলা ও মহানগর জামায়াতের মধ্যে সিদ্ধান্তগত বিরোধ দেখা দেয়। পরে জামায়াতের অঞ্চল পরিচালক ও কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বিষয়টিতে যুক্ত হন। সংশ্লিষ্ট সূত্রগুলোর ধারণা, তাঁর চাপেই ৮ সেপ্টেম্বর জেলা কর্মপরিষদের বৈঠকে লোকমান আহমদের রুকনিয়াত স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।
এ বিষয়ে বক্তব্য জানতে জেলা জামায়াতের আমীর ও সেক্রেটারির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা বিষয়টি এড়িয়ে যান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে, লোকমান আহমদের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি কিংবা পরে কলব্যাকও করেননি।
তবে এ বিষয়ে জেলা জামায়াতের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।