সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দীর্ঘদিনের উত্তেজনার জেরে চার গ্রামের মানুষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজনকে জড়ো হওয়ার আহ্বান জানানোর পর বুধবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের নারী-পুরুষসহ অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন বলে স্থানীয়দের দাবি। তবে পুলিশ জানিয়েছে, সংঘর্ষে চারজন আহত হয়েছেন।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের মধ্য তাহিরপুর গ্রামের মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, ক্রিকেট খেলাকে কেন্দ্র করে চার গ্রামের মানুষের মধ্যে বেশ কিছুদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজনকে জড়ো হওয়ার আহ্বান জানানো হয়।
এরপর বুধবার সকালে বিভিন্ন গ্রামের লোকজন মধ্য তাহিরপুর গ্রামের মাঠে জড়ো হতে শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়। পুলিশের উপস্থিতির কারণে সকালে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি।
পরে দুপুরের দিকে এক পক্ষ নৌকাযোগে ঘটনাস্থলে এসে অপর পক্ষের লোকজনকে ডাক দিলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া ও হামলা। এতে পুরো এলাকা উত্তপ্ত হয়ে ওঠে।
স্থানীয়দের দাবি, সংঘর্ষে উভয় পক্ষের নারী-পুরুষসহ অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের সবার নাম-পরিচয় জানা যায়নি।
সংঘর্ষের পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ফের সংঘর্ষের আশঙ্কায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
তাহিরপুরের সহকারী পুলিশ সুপার (অতিরিক্ত দায়িত্ব) এস এম ফজলে রাব্বী রাজিব বলেন, মঙ্গলবার রাতে মাইকিং করার পর বুধবার সকাল থেকেই ঘটনাস্থলে পুলিশ মোতায়েন ছিল। এ কারণে সকালে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। পরে দুপুরে এক পক্ষ নৌকাযোগে ঘটনাস্থলে এসে সংঘর্ষে জড়িয়ে পড়ে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে।