• [english_date] , [bangla_date] , [hijri_date]

সিলেট বিভাগে সেপ্টেম্বরে ২৬ সড়ক দুর্ঘটনায় নিহত ২৬, আহত ৫১

bilatbanglanews.com
প্রকাশিত October 4, 2026
সিলেট বিভাগে সেপ্টেম্বরে ২৬ সড়ক দুর্ঘটনায় নিহত ২৬, আহত ৫১

বিবিএন ডেস্ক:

সেপ্টেম্বর মাসে সিলেট বিভাগে ২৬টি সড়ক দুর্ঘটনায় ২৬ জন নিহত ও ৫১ জন আহত হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে মৌলভীবাজার জেলায়। আর সবচেয়ে কম দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে সুনামগঞ্জে।

 

রোববার (৪ অক্টোবর) নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটির প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

 

প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বরে সিলেট জেলায় ৮টি দুর্ঘটনায় ৭ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। সুনামগঞ্জে ৪টি দুর্ঘটনায় ২ জন নিহত ও ২৩ জন আহত হয়েছেন। মৌলভীবাজারে ৯টি দুর্ঘটনায় ১১ জন নিহত ও ৮ জন আহত হয়েছেন। এছাড়া হবিগঞ্জে ৫টি দুর্ঘটনায় ৬ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন।

 

নিসচার প্রতিবেদনে দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, অনুমোদনহীন ও ফিটনেসবিহীন যানবাহন মহাসড়কে চলাচল, মোটরসাইকেল চালক ও আরোহীদের মানসম্মত হেলমেট ব্যবহার না করা, পথচারীদের অসচেতনতা এবং সড়ক নির্মাণে ত্রুটিকে উল্লেখ করা হয়েছে।

 

প্রতিবেদনে আরও বলা হয়, নিহতদের মধ্যে মোটরসাইকেল চালক ও আরোহী ১০ জন, সিএনজি ও টমটমের চালক-আরোহী ১১ জন, চালক ১০ জন এবং পথচারী ২ জন রয়েছেন। দুর্ঘটনায় নিহত ২৬ জনের মধ্যে ২২ জন পুরুষ, ২ জন নারী ও ২ জন শিশু।

 

দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা যায়, নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে যাওয়ার ৮টি দুর্ঘটনায় ৬ জন, মুখোমুখি সংঘর্ষের ৮টি দুর্ঘটনায় ৯ জন এবং গাছ ও বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কার একটি দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন।

 

এর আগে আগস্ট মাসে সিলেট বিভাগে ৩৫টি সড়ক দুর্ঘটনায় ৪৭ জন নিহত ও ১২২ জন আহত হয়েছিলেন। অর্থাৎ আগস্টের তুলনায় সেপ্টেম্বরে দুর্ঘটনা, নিহত ও আহতের সংখ্যা কমেছে।