ছাতক প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজে নবীন বরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটি ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে গোবিন্দগঞ্জ পয়েন্টে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে ছাত্রদল ও ছাত্রশিবির পৃথক মিছিল বের করে। একপর্যায়ে মিছিল দুটি মুখোমুখি হলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে।
এ ঘটনায় গোবিন্দগঞ্জ পয়েন্টে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সিলেট-সুনামগঞ্জ ও ছাতক সড়কে যান চলাচল ব্যাহত হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়দের দাবি, নবীন বরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে কলেজে আধিপত্য বিস্তার নিয়ে কয়েকদিন ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। বৃহস্পতিবার একই সময়ে দুই পক্ষ মিছিল বের করলে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। এতে কয়েকজন পথচারী আঘাত পেয়েছেন বলে স্থানীয়রা জানান।
ছাতক থানার উপপরিদর্শক ভক্ত চন্দ্র দত্ত জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যানবাহন চলাচল স্বাভাবিক করে।