সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার একটি হত্যা মামলায় তিন জনের যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। এছাড়াও আদালতে দোষী প্রমাণিত না হওয়ায় অপর দুই জন কে বেকসুর খালাস প্রদান করেছেন।
বৃহস্পতিবার সুনামগঞ্জ জেলার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ হাবিবুল্লাহ এই রায় প্রদান করেছেন। দন্ড প্রাপ্ত আসামীরা হলো ছাতক পৌরসভার নোয়ারাই গ্রামের মৃত নুর মিয়ার পুত্র মোঃ দবির হোসেন, মৃত আব্দুস সালামের পুত্র সিহাব মিয়া ও দবির হোসেনের স্ত্রী আছমা আক্তার লাভলী। আছমা আক্তার লাভলী পলাতক থাকায় আদালত গ্রেফতার পরোয়ানা জারী করেছেন।
সুনামগঞ্জের ছাতকে জায়গা—জমি নিয়ে বিরোধের জেরে মোস্তফা আনোয়ার এনাম (৪০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার দায়ে এই রায় প্রদান করেন।
অন্যদিকে, মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় ঘটনার অপর ২ আসামি— ছাতক উপজেলার নোয়ারাই এলাকার বাসিন্দা মৃত. নূর মিয়ার ছেলে মো. কবির মিয়া ওরফে মো. কবির আহমদ এবং সিলেটের ফকিরপাড়া গ্রামের মৃত সজ্জাদ আলীর ছেলে মো. আবদুর রাজ্জাককে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
মামলার এজাহার ও নথি সূত্রে জানা যায়, ছাতক পৌরসভার নোয়ারাই এলাকায় জায়গা—জমি নিয়ে বিরোধের জেরে ভুক্তভোগী মোস্তফা আনোয়ার এনামদের সাথে আসামিদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ২০২১ সালের ১৩ মে বিকেলে ইফতারের পূর্বে আসামিরা পূর্বশত্রুতার জেরে লোহার রড, পাইপ ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় এনামকে প্রথমে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ২০২১ সালের ২০ মে দুপুরে সিলেট ওসমানী হাসপাতালে মারা যান তিনি।
এ ঘটনায় নিহত এনামের ভাই মোস্তফা জুবায়ের বাদী হয়ে ছাতক থানায় (মামলা নং— ১৯, তারিখ: ১৬/০৫/২০২১) হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করে। দীর্ঘ সাক্ষ্য—প্রমাণ ও শুনানির পর বৃহস্পতিবার সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন আহমেদ সোহেল। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মো. সালেহ আহমদ, মো. আব্দুল হামিদ এবং মো. আব্দুর গাফফার