নিজস্ব প্রতিবেদক:
সামাজিক ও মানবিক সংগঠন SPARK Youth for Change-এর উদ্যোগে চাঁনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে “SPARK Free Health Campaign” শীর্ষক একটি ফ্রি স্বাস্থ্য ক্যাম্প।
উক্ত স্বাস্থ্য ক্যাম্পে স্থানীয় জনগণের জন্য বিনামূল্যে বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। এর মধ্যে ছিল— ব্লাড গ্রুপ নির্ণয় (সার্টিফিকেটসহ), ডায়াবেটিস পরীক্ষা, ব্লাড প্রেসার পরীক্ষা এবং প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ প্রদান। ক্যাম্পটিতে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ২৩৪-এর অধিক মানুষ স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।
স্বাস্থ্যসেবা প্রদান করেন ডা: মো: মাজহারুজ্জামান খাঁন, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (অনারারী), উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছাতক
ও ডা: এমরান নাযির মারুফ, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (অনারারী), উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছাতক।
বর্তমানে কঠালপুর, উলুরগাঁও, রংপুর, চাঁনপুর ও বড়গল্লা এলাকার সচেতন তরুণদের সমন্বয়ে গঠিত এই সংগঠনটি শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।
স্থানীয় একাধিক বাসিন্দা এই উদ্যোগকে সময়োপযোগী ও মানবিক হিসেবে উল্লেখ করেছেন। তারা জানান, গ্রামের সাধারণ মানুষের জন্য এ ধরনের বিনামূল্যের স্বাস্থ্যসেবা অত্যন্ত উপকারী, বিশেষ করে যারা নিয়মিত চিকিৎসাসেবা নিতে পারেন না। অনেকেই আশা প্রকাশ করেন, এ ধরনের কার্যক্রম নিয়মিত হলে এলাকার মানুষের স্বাস্থ্যসচেতনতা ও চিকিৎসা সুবিধা আরও বৃদ্ধি পাবে।
আয়োজকরা জানান, পিছিয়ে পড়া এলাকাগুলোতে মৌলিক সেবা পৌঁছে দেওয়া এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্য নিয়েই SPARK Youth for Change তাদের কার্যক্রম শুরু করেছে। সংগঠনটি ভবিষ্যতে নোয়ারাই ইউনিয়নের আরও বিভিন্ন এলাকায় এ কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা করেছে এবং সমাজ উন্নয়নে আগ্রহী ব্যক্তিদের এই মানবিক উদ্যোগে সম্পৃক্ত হওয়ার জন্য আহ্বান জানিয়েছে।
আয়োজকরা আরও জানান, এটি তাদের প্রথম বৃহৎ পরিসরের জনসেবামূলক কার্যক্রম এবং স্থানীয় জনগণের ব্যাপক সাড়া ও সহযোগিতা তাদেরকে ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করার অনুপ্রেরণা জুগিয়েছে।
সংগঠনের পক্ষ থেকে স্থানীয় প্রশাসন, শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ, মেডিকেল টিম এবং সকল স্বেচ্ছাসেবক ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
