সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগরে বসতভিটা ও জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলায় হয়রানি এবং বাড়িঘর থেকে উচ্ছেদের হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন আফসানা আক্তার খুশি (২২) নামের এক কলেজছাত্রী। রোববার এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব অভিযোগ করেন।
আফসানা আক্তার উপজেলার নওবেঁকী এলাকার মুজাহিদুল ইসলামের স্ত্রী। তিনি শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী।
লিখিত বক্তব্যে আফসানা অভিযোগ করেন, একই এলাকার আসরাফুর জামান মনা (৫০) নিজেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ কবিরের ভাগনে জামাই ও ব্যক্তিগত সহকারী পরিচয় দিয়ে প্রায় ১৫ বছর ধরে এলাকায় প্রভাব বিস্তার করে আসছিলেন। ২০১৩ সালে ক্ষমতার অপব্যবহার করে তিনি তার চাচার জমি অবৈধভাবে দখল করে বাড়ি নির্মাণ করেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর কিছুদিন আত্মগোপনে থাকলেও সম্প্রতি আবারও তার স্বামী মুজাহিদুল ইসলামের বসতভিটা জোরপূর্বক দখলের চেষ্টা করছেন বলে অভিযোগ করেন তিনি।
আফসানার দাবি, দখলচেষ্টার অংশ হিসেবে বিবাদীদের ইন্ধনে আটুলিয়া ইউনিয়ন শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন বাদী হয়ে শ্যামনগর থানায় একটি মামলা করেছেন। ওই মামলায় তার স্বামীসহ পরিবারের সদস্য ও স্বজনদের আসামি করা হয়েছে। মামলাটিকে হয়রানিমূলক দাবি করে তিনি বলেন, পুলিশি হয়রানির কারণে তাদের পরিবার সামাজিকভাবে হেয় হওয়ার পাশাপাশি আর্থিক ও মানসিক ক্ষতির মুখে পড়ছে।
সংবাদ সম্মেলনে আফসানা আরও অভিযোগ করেন, আসরাফুর জামান মনা তাদের বাড়িঘর থেকে উচ্ছেদের হুমকি দিচ্ছেন। তিনি বলেন, ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে তোদের বাড়িঘর থেকে উচ্ছেদ করব।’ এ ছাড়া তিনি খুলনায় থাকার সময় নওবেঁকী এলাকায় তাদের একটি ঘর অবৈধভাবে দখল করে নেওয়া হয়েছিল। পরে থানায় অভিযোগের পর ঘরটি উদ্ধার করা হলেও সেখানে থাকা ভাড়াটিয়াকে মারধর করে বের করে দেওয়া হয় বলে অভিযোগ করেন আফসানা।
পরিবারের জানমাল ও বসতভিটার নিরাপত্তা চেয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক, পুলিশ সুপার ও শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। একই সঙ্গে দায়ের করা মামলাগুলোর নিরপেক্ষ তদন্ত এবং জমি দখল ও মারধরের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
অভিযোগের বিষয়ে আসরাফুর জামান মনার বক্তব্য জানতে তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।