শিক্ষা সফরের আড়ালে রাতারগুলে রনজিত সরকারের সভা, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

bilatbanglanews.com
প্রকাশিত November 10, 2026
শিক্ষা সফরের আড়ালে রাতারগুলে রনজিত সরকারের সভা, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

বিবিএন ডেস্ক:

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও সাবেক সংসদ সদস্য রনজিত সরকার সিলেটের রাতারগুলে সভা করেছেন। তাঁর ভাইরাল হওয়া ভিডিওতে পাশে থাকা এবং সভায় উপস্থিত থাকা তারা মিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে সভাস্থল শনাক্ত করেছে পুলিশ। সিলেট নগর থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের রাতারগুলে অবস্থিত ‘সোহেল স্কয়ার ইকো রিসোর্টে’ সভাটি অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টায় এ তথ্য নিশ্চিত করেন সুনামগঞ্জের পুলিশ সুপার।

 

তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারা মিয়াকে মঙ্গলবার সকালে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে সুনামগঞ্জ সদর থানা পুলিশ। সকাল ৭টার দিকে সুনামগঞ্জ শহরের সাহেববাড়ি ঘাট এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

 

সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মিয়া জানান, সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের রাতারগুলে রনজিত সরকার সভাটি করেছেন। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, সুনামগঞ্জ থেকে পুলিশের একটি দল তাঁকে নিয়ে রাতারগুলে যায়।

 

রিসোর্টের ব্যবস্থাপক পারভেজ মোশাররফ জানান, বুধবার অ্যাডভোকেট রুকনসহ দুজন রিসোর্টে এসে বুকিংয়ের বিষয়ে কথা বলেন এবং জায়গাটি ঘুরে দেখেন। পরে শুক্রবার সন্ধ্যায় রিসোর্টের অফিশিয়াল বিকাশ নম্বরে ১০ হাজার টাকা অগ্রিম দিয়ে বুকিং নিশ্চিত করা হয়। শিক্ষা সফরে আসা ১৭৫ জনের দলের জন্য মোট ৫২ হাজার টাকা বিল নির্ধারণ করা হয়েছিল।

 

তিনি বলেন, দলটি দুপুর থেকে বিকেল ৩টার মধ্যে রিসোর্টে প্রবেশ করে। এরপর রিসোর্টের সামনের লেক ও মিনি ফুটবল মাঠে খেলাধুলাসহ বিভিন্ন কার্যক্রমে অংশ নেয়। সাধারণত বিভিন্ন অনুষ্ঠানে যেভাবে আয়োজন করা হয়, সেভাবেই সেখানে প্যান্ডেল ও খুঁটি স্থাপন করে সাংস্কৃতিক অনুষ্ঠান, সভা এবং পুরস্কার বিতরণের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠান শেষে রাত ৮টা থেকে ৯টার দিকে আনন্দমুখর পরিবেশে তাঁরা রিসোর্ট ত্যাগ করেন।

 

সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন মঙ্গলবার সন্ধ্যায় জানান, তারা মিয়ার দেওয়া তথ্য অনুযায়ী ঘটনাস্থলে গিয়ে জানা যায়, শিক্ষা সফরের কথা বলে ৮ নভেম্বর একজন আইনজীবী রাতারগুলের ‘সোহেল স্কয়ার ইকো রিসোর্ট’ ভাড়া নেন। সেখানে প্রথমে শিক্ষা সফরের ব্যানার লাগানো হয়। পরে হঠাৎ রনজিত সরকার উপস্থিত হয়ে ব্যানার লাগিয়ে কয়েক মিনিট বক্তব্য দিয়ে চলে যান।

 

পুলিশ সুপার আরও জানান, রিসোর্টটির মালিক গোয়াইনঘাটের মহিষখলার শাহ আলম সোহেল। ব্যবস্থাপক পারভেজ মোশাররফ পুলিশকে জানিয়েছেন, অ্যাডভোকেট রুকন নামের একজন আইনজীবী ১০ হাজার টাকা অগ্রিম দিয়ে রিসোর্টটি বুকিং দিয়েছিলেন।

 

এর আগে সোমবার বিকেলে নিজের ফেসবুক আইডি থেকে সভার বক্তব্য প্রচার করে বর্তমান সরকারের সমালোচনা করেন রনজিত সরকার। এ বক্তব্যকে কেন্দ্র করে সোমবার মধ্যরাতে সিলেট নগরের গোপালটিলায় তাঁর বাড়িতে আগুন দেয় জনতা।

 

এদিকে, রনজিত সরকারের এমন সরকারবিরোধী কর্মকাণ্ডে ক্ষুব্ধ সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ, ধর্মপাশা, তাহিরপুর ও মধ্যনগর) আসনের বিএনপির নেতাকর্মীরাও। গতকাল নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন দলটির নেতাকর্মীরা। মধ্যনগর, তাহিরপুর ও ধর্মপাশায় আয়োজিত এসব কর্মসূচি থেকে রনজিতের বক্তব্যের পাল্টা জবাব দেন বিএনপি নেতারা।

 

অন্যদিকে, ওই সভায় উপস্থিত থেকে রনজিত সরকারের পেছনে থাকা ব্যানার ধরে রাখার দায়িত্ব পালনকারী নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ওমর ফারুককেও খুঁজছে পুলিশ। গভীর রাতে জামালগঞ্জ উপজেলার লম্বাবাক এলাকায় তাঁর বাড়িতে তল্লাশি চালিয়েও তাঁকে পায়নি পুলিশ।

10 November 2026

শিক্ষা সফরের আড়ালে রাতারগুলে রনজিত সরকারের সভা, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

বিস্তারিত কমেন্টে