বিবিএন ডেস্ক:
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সম্পূরক বা সাপ্লিমেন্টারি পরীক্ষা আয়োজনের উদ্যোগ নিয়েছে সরকার। এ পরীক্ষায় কারা অংশ নিতে পারবেন, সে বিষয়ে প্রাথমিক শর্ত ও নিয়ম জানিয়েছে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, আগামী ২ ডিসেম্বর থেকে বিশেষ এ পরীক্ষা শুরু হতে পারে। একই সাথে ৩১ ডিসেম্বরের মধ্যে পরীক্ষার ফল প্রকাশের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানান।
তিনি বলেন, মঙ্গলবার সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য ও নির্দেশনা জানিয়ে বুধবার (৪ নভেম্বর) সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
আন্তশিক্ষা বোর্ডের প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চ দুটি বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। তবে দুটির বেশি বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নিতে পারবেন না।
এ সুযোগ শুধু ২০২৬ সালের পরীক্ষার্থীদের জন্য সীমাবদ্ধ থাকছে না। ২০২৪ ও ২০২৫ সালে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীরাও এতে অংশ নিতে পারবেন। তবে তাদের ২০২৬ সালে পরীক্ষায় অংশগ্রহণ অথবা বৈধ রেজিস্ট্রেশন থাকতে হবে।
অর্থাৎ, আগের দুই বা তিন বছর ধরে অকৃতকার্য শিক্ষার্থীরাও নির্ধারিত শর্ত পূরণ করলে এ বিশেষ পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ শুরু করার প্রস্তাব দিয়েছে। প্রস্তাব অনুযায়ী, ৮ নভেম্বর পর্যন্ত ফরম পূরণের কার্যক্রম চলতে পারে।
এ ছাড়া ১ থেকে ২০ নভেম্বরের মধ্যে পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়নের কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে। প্রাথমিক সূচি অনুযায়ী, ২ ডিসেম্বর পরীক্ষা শুরু হয়ে ৩১ ডিসেম্বরের মধ্যে ফল প্রকাশ করা হতে পারে।
এর আগে গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সম্পূরক পরীক্ষা আয়োজনের পরিকল্পনার কথা জানান।