যুক্তরাজ্যে নতুন রিসাইক্লিং নীতিমালা, ছয় ধরনের বর্জ্য সংগ্রহ করবে না কাউন্সিল

bilatbanglanews.com
প্রকাশিত November 1, 2026
যুক্তরাজ্যে নতুন রিসাইক্লিং নীতিমালা, ছয় ধরনের বর্জ্য সংগ্রহ করবে না কাউন্সিল

বিবিএন ডেস্ক:

বিলাত বাংলা নিউজ ডেস্ক: যুক্তরাজ্যে নতুন সিম্পলার রিসাইক্লিং নীতিমালা বাস্তবায়নের পর বর্জ্য সংগ্রহের ক্ষেত্রে কাউন্সিলগুলোর জন্য নির্দিষ্ট নিয়ম কার্যকর হয়েছে। দেশজুড়ে রিসাইক্লিং ব্যবস্থার জটিলতা দূর করতে এ উদ্যোগ নেওয়া হলেও, দৈনন্দিন ব্যবহারের বেশ কিছু বস্তু রিসাইক্লিং বিনে ফেললেও স্থানীয় কাউন্সিলগুলো তা সংগ্রহ করতে আইনত বাধ্য নয়।

 

সরকারি নির্দেশনা অনুযায়ী, সাধারণত সংগ্রহ করা হয় না—এমন বর্জ্যকে প্রধানত ছয়টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে।

 

১. কাচজাতীয় বর্জ্য

 

মোমবাতির কাচের পাত্র, খাওয়ার গ্লাস, ফ্ল্যাট গ্লাস, পাইরেক্সসহ সব ধরনের কুকারওয়্যার, লাইট বাল্ব, টিউব লাইট, মাইক্রোওভেনের ভেতরের প্লেট, আয়না, ফুলদানি, জানালার কাচ এবং সিরামিক বা মাটির তৈরি জিনিসপত্র সাধারণ রিসাইক্লিং বিনে সংগ্রহ করা হয় না।

 

২. ধাতব বর্জ্য

 

অ্যালুমিনিয়াম ও প্লাস্টিকের ল্যামিনেটেড ফয়েল, যেমন পশুখাদ্য বা কফির পাউচ, বৈদ্যুতিক সরঞ্জাম, ব্যাটারি, চামচ, হাঁড়ি-পাতিল, কেটলি, ইস্ত্রি, পাইপ এবং রাসায়নিক বা ইঞ্জিনের তেল থাকা ধাতব ক্যান ও পাত্র কাউন্সিল সংগ্রহ নাও করতে পারে।

 

৩. প্লাস্টিক বর্জ্য

 

কম্পোস্টেবল বা বায়োডিগ্রেডেবল লেবেলযুক্ত প্লাস্টিক প্যাকেজিং ও কফি পড, রাসায়নিক বা পেইন্ট ধারণকারী প্লাস্টিকের বোতল, বাগানের আসবাবপত্র, প্লাস্টিকের খেলনার মতো বড় আকারের শক্ত প্লাস্টিক এবং পলিস্টাইরিন ও পিভিসি প্যাকেজিং সংগ্রহের তালিকার বাইরে রয়েছে।

 

তবে প্লাস্টিক ব্যাগ ও ফিল্ম সংগ্রহের নিয়মটি ২০৩০ সালের এপ্রিল পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।

 

৪. কাগজ ও কার্ডবোর্ড

 

টিস্যু পেপার, টয়লেট পেপার, কটন উল, মেকআপ প্যাড, ভেজা টিস্যু, ডায়াপার এবং অন্যান্য হাইজিন বর্জ্য সাধারণ কাগজ ও কার্ডবোর্ড রিসাইক্লিংয়ের আওতায় পড়ে না।

 

৫. জৈব ও খাদ্যবর্জ্য

 

কম্পোস্টেবল বা বায়োডিগ্রেডেবল প্লাস্টিক পণ্য এবং পশুপাখির জন্য ব্যবহৃত বিছানা বা লিটার সাধারণ খাদ্যবর্জ্য সংগ্রহের সঙ্গে নেওয়া হয় না।

 

৬. বাগানের বর্জ্য

 

বালি, মাটি, পাথর, নুড়ি, ইট, বাগানের কাঠের আসবাবপত্র, বেড়া, প্লাস্টিক, চায়ের ব্যাগ, কফির গুঁড়ো, বাগানের যন্ত্রপাতি এবং নির্ধারিত মাপে কাটা হয়নি—এমন বড় আকারের গাছের ডালপালা নিয়মিত বাগানের বর্জ্য সংগ্রহের তালিকার বাইরে থাকে।

 

এদিকে, স্থানীয় কাউন্সিলভেদে বর্জ্য সংগ্রহের নিয়মে কিছুটা পার্থক্য থাকতে পারে। তাই কোনো বর্জ্য রিসাইক্লিং বিনে ফেলার আগে নিজ নিজ কাউন্সিলের নির্দেশিকা দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

01 November 2026

যুক্তরাজ্যে নতুন রিসাইক্লিং নীতিমালা, ছয় ধরনের বর্জ্য সংগ্রহ করবে না কাউন্সিল

বিস্তারিত কমেন্টে