বিবিএন ডেস্ক:
যুক্তরাজ্যের লন্ডনে প্রাক্তন প্রেমিকাকে হত্যার দায়ে ভারতীয় তরুণ দীপক সান্ধুকে দোষী সাব্যস্ত করেছেন আদালত। ২৪ বছর বয়সী এই তরুণ হত্যাকাণ্ডের পর ভারতে পালানোর চেষ্টা করলে বার্মিংহাম বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। আগামী শুক্রবার তার সাজা ঘোষণা করা হবে।
গত বছরের ৯ ডিসেম্বর লন্ডনের বেসওয়াটার এলাকার একটি এয়ারবিএনবি ফ্ল্যাট থেকে শিয়াওচিং কে (৩৯) নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। তদন্তে উঠে আসে, সম্পর্কচ্ছেদের ক্ষোভ থেকে ওই নারীকে হত্যার পরিকল্পনা করেন দীপক।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, ঘটনার দিন মুখে মাস্ক ও মাথায় টুপি পরে দীপককে ওই ভবনে প্রবেশ করতে দেখা যায়। তদন্তকারীদের তথ্য অনুযায়ী, তিনি একটি সুপারমার্কেট থেকে ছুরি কিনে সাউথ্যাম্পটন থেকে লন্ডনে আসেন।
হত্যাকাণ্ডের পর নিজের বোনকে পাঠানো ভয়েস মেসেজে দীপক দাবি করেন, একজন পেশাদার খুনি ওই নারীকে হত্যা করেছে। নিহতের এক বান্ধবীকেও তিনি মিথ্যা তথ্য দেন। পরে ভারতে পালানোর উদ্দেশ্যে মুম্বাইয়ের টিকিট কেটে বিমানবন্দরের পথে রওনা হন তিনি।
পুলিশ তাকে গ্রেপ্তার করার সময় তার কাছে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা জ্যাকেট এবং নিহত নারীর ফোনসহ বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায়।
আদালতে দীপক নিজেকে প্যাথলজিক্যাল মিথ্যাবাদী হিসেবে স্বীকার করলেও হত্যার অভিযোগ অস্বীকার করেন। তবে জুরি বোর্ড তাকে হত্যা এবং বিচারপ্রক্রিয়ায় বাধা সৃষ্টির অভিযোগে সর্বসম্মতিক্রমে দোষী সাব্যস্ত করে।
প্রসিকিউটর ক্যারোলিন কারবেরি জানান, চুরি ও মিথ্যা বলার কারণে ওই নারী দীপকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিলেন। আদালত সূত্রে জানা গেছে, আগামী শুক্রবার তার সাজা ঘোষণা করা হবে।