• [english_date] , [bangla_date] , [hijri_date]

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক ব্রিটিশ-বাংলাদেশি আনিসা খান

bilatbanglanews.com
প্রকাশিত October 17, 2026
ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক ব্রিটিশ-বাংলাদেশি আনিসা খান

বিবিএন ডেস্ক:

ইংল্যান্ডের নারী কাবাডি দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন ব্রিটিশ-বাংলাদেশি আনিসা খান। খেলাধুলার প্রতি ভালোবাসা, কঠোর পরিশ্রম ও অদম্য আত্মবিশ্বাসের মধ্য দিয়ে তিনি গড়ে তুলেছেন নিজের অনন্য পরিচয়। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন আনিসা।

 

আনিসা খান এশিয়ান কারি অ্যাওয়ার্ডসের প্রতিষ্ঠাতা ইয়াওয়ার খানের মেয়ে। তাঁর বাবার বাড়ি সিলেটের মৌলভীবাজারে। মেয়ের এমন অর্জনে গর্বিত বাবা ইয়াওয়ার খান।

 

খেলাধুলার পাশাপাশি শিক্ষাজীবন, করপোরেট কর্মজীবন ও উদ্যোক্তা হিসেবেও সাফল্যের পরিচয় দিয়েছেন আনিসা। ২০২৫ সালের এপ্রিল মাসে প্রচারিত বিবিসির জনপ্রিয় ব্যবসাভিত্তিক রিয়েলিটি শো ‘দ্য অ্যাপ্রেন্টিস’-এর ১৯তম সিরিজে রানার-আপ হয়ে আলোচনায় আসেন তিনি।

 

আনিসার কাবাডি যাত্রার শুরু ২০১৭ সালে, বিশ্ববিদ্যালয়জীবনে। লন্ডন স্কুল অব ইকোনমিকসের (এলএসই) কাবাডি সোসাইটিতে যোগ দিয়েছিলেন সম্পূর্ণ নতুন খেলোয়াড় হিসেবে। তখন হয়তো কল্পনাও করেননি, এই খেলার প্রতি আগ্রহ একদিন তাঁকে আন্তর্জাতিক পর্যায়ে একটি দলের নেতৃত্ব দেওয়ার সুযোগ এনে দেবে।

 

এরপর এলএসই থেকে স্নাতক সম্পন্ন, আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান অ্যাকসেনচারে কাজ এবং ‘বোম্বে পিৎজা’ প্রতিষ্ঠার মতো নানা অভিজ্ঞতা যুক্ত হয়েছে তাঁর জীবনে। ‘দ্য অ্যাপ্রেন্টিস’-এ অংশগ্রহণও তাঁর পথচলায় নতুন মাত্রা যোগ করেছে। তবে নানা ব্যস্ততার মধ্যেও কাবাডির সঙ্গে সম্পর্ক অটুট রেখেছেন তিনি।

 

এবার নতুন চ্যালেঞ্জের মুখোমুখি আনিসা। কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে আগামী সপ্তাহে ভারত সফরে যাওয়ার কথা তাঁর। এবার শুধু খেলোয়াড় হিসেবে নয়, ইংল্যান্ডের প্রতিভাবান নারী কাবাডি খেলোয়াড়দের নেতৃত্ব দেবেন তিনি।

 

দীর্ঘদিনের অভিজ্ঞতা, দলগত সংহতি ও আত্মবিশ্বাসকে সঙ্গী করে আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করতে প্রস্তুত আনিসা ও তাঁর দল। তাঁর এই অর্জন ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির জন্যও গর্বের বিষয় হয়ে উঠেছে।