বিবিএন ডেস্ক:
সিলেটের কোম্পানীগঞ্জে প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরীকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার ঘটনায় জুবায়ের আহমদ নামে এক পাথর ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে তাকে থানায় নেওয়া হয়। পাথরমহাল খোলার দাবিতে দেওয়া ওই পোস্টের দুই দিন পর তাকে আটক করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ উসমান গনি জানান, ফেসবুক স্ট্যাটাসের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য জুবায়েরকে থানায় আনা হয়েছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত তার বিরুদ্ধে কোনো মামলা হয়নি এবং তাকে গ্রেপ্তারও দেখানো হয়নি।
স্থানীয় সূত্রের দাবি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আকবর ও সিনিয়র সহসভাপতি শওকত আলী বাবুল তাকে থানায় নিয়ে যান। তবে এ বিষয়ে দুই নেতা মন্তব্য করতে রাজি হননি।