• [english_date] , [bangla_date] , [hijri_date]

চ্যারিটি বক্সিংয়ে শিক্ষার্থীর মৃত্যু, ২ লাখ পাউন্ড ক্ষতিপূরণ চেয়ে পরিবারের মামলা

bilatbanglanews.com
প্রকাশিত October 14, 2026
চ্যারিটি বক্সিংয়ে শিক্ষার্থীর মৃত্যু, ২ লাখ পাউন্ড ক্ষতিপূরণ চেয়ে পরিবারের মামলা

বিবিএন ডেস্ক:

যুক্তরাজ্যে চ্যারিটি বক্সিং প্রতিযোগিতায় ২৩ বছর বয়সী শিক্ষার্থী জুবাল রেজি কুরিয়ানের মৃত্যুর ঘটনায় আয়োজক সংস্থার বিরুদ্ধে ২ লাখ পাউন্ড ক্ষতিপূরণ মামলা করেছে তার পরিবার।

 

২০২৩ সালে নটিংহ্যামের হার্ভে হ্যাডন স্পোর্টস সেন্টারে একটি অপেশাদার বক্সিং প্রতিযোগিতায় অংশ নেন জুবাল। ম্যাচের শেষ রাউন্ডে মাথায় গুরুতর আঘাত পেয়ে জ্ঞান হারান তিনি। হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চার দিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।

 

জুবাল নটিংহ্যাম ইউনিভার্সিটির স্নাতকোত্তরের শিক্ষার্থী ছিলেন। স্পোর্টস মেডিসিনে উচ্চশিক্ষা নিয়ে যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা সংস্থা এনএইচএসে ফিজিওথেরাপিস্ট হিসেবে কাজ করার স্বপ্ন ছিল তার।

 

লন্ডনের হাইকোর্টে দায়ের করা মামলায় পরিবারের অভিযোগ, আয়োজক সংস্থা আল্ট্রা ইভেন্টস লিমিটেডের নিযুক্ত রেফারি সময়মতো ম্যাচ বন্ধ না করে অবহেলা করেছেন। শেষ আঘাতের আগেই খেলা থামানো হলে জুবালের জীবন বাঁচানো সম্ভব হতে পারত বলে দাবি পরিবারের।

 

তবে আয়োজক সংস্থাটি সব অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, রেফারি অভিজ্ঞ ছিলেন এবং বক্সিংয়ের মতো শারীরিক সংস্পর্শের খেলায় গুরুতর আঘাতের ঝুঁকি থাকে।

 

আগামী বছর মামলাটির চূড়ান্ত বিচার শুরু হওয়ার কথা রয়েছে।