বিবিএন ডেস্ক:
“নিশ্চয়ই আপনি যাকে ভালোবাসেন, তাকেই হেদায়েত করতে পারবেন না; বরং আল্লাহ তাআলাই যাকে ইচ্ছা হেদায়েত দান করেন।” পবিত্র কোরআনের এই চিরন্তন বাণীর এক হৃদয়গ্রাহী উদাহরণ সৃষ্টি করেছেন তরুণী ফাতিমা। অদম্য সাহস, ধৈর্য ও প্রজ্ঞার মাধ্যমে নিজের পুরো পরিবারকে ইসলামের পথে নিয়ে এসেছেন তিনি।
হেদায়েতের ফয়সালা একমাত্র আল্লাহর হাতে হলেও সেই হেদায়েতের পথে ফাতিমা হয়ে উঠেছেন পরিবারের জন্য এক গুরুত্বপূর্ণ মাধ্যম। প্রথমে নিজে ইসলাম গ্রহণ করেন তিনি। এরপর ছোট ভাই, মা এবং সবশেষে বাবাও ইসলাম গ্রহণ করেন। এভাবেই ধাপে ধাপে পুরো পরিবার ইসলামের ছায়াতলে আসে।
সাধারণত কোনো ব্যক্তি নিজ ধর্ম পরিবর্তন করে অন্য ধর্ম গ্রহণ করলে পরিবার ও সমাজে নানা ধরনের বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়। অনেক ক্ষেত্রে পরিবারের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে, এমনকি বিচ্ছিন্নতার ঘটনাও ঘটে। তবে ফাতিমা সেই সংঘাতের পথে না গিয়ে বেছে নেন ভিন্ন এক পথ। পারিবারিক সম্পর্ক অটুট রেখে ধৈর্য, ভালোবাসা ও প্রজ্ঞার সঙ্গে পরিবারের সদস্যদের কাছে ইসলামের সুন্দর শিক্ষাগুলো তুলে ধরেন তিনি। কাউকে জোর না করে ইসলামের সৌন্দর্য ও আদর্শের মাধ্যমে তাদের হৃদয়ে পরিবর্তন আনতে সক্ষম হন।
তবে ফাতিমার এই পথচলা মোটেও সহজ ছিল না। পরিবারসহ ইসলাম গ্রহণের এই যাত্রায় তাদের অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। ছাড়তে হয়েছে দীর্ঘদিনের চেনা বসতভিটা। পাশাপাশি আত্মীয়স্বজন ও পরিচিত সমাজের অনেকের বিরূপ মনোভাবও মোকাবিলা করতে হয়েছে।
এত প্রতিকূলতার পরও নিজের সিদ্ধান্ত নিয়ে কোনো আক্ষেপ নেই ফাতিমার। বরং মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন তিনি। দুনিয়ার সাময়িক ত্যাগ ও প্রাপ্তি-অপ্রাপ্তির হিসাবের ঊর্ধ্বে উঠে ইসলামকে জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি হিসেবে দেখছেন তিনি।
ফাতিমার এই জীবনসংগ্রাম, ধৈর্য ও ভালোবাসার মাধ্যমে ইসলামের দাওয়াত দেওয়ার গল্প ধর্মীয় সম্প্রীতি, পারিবারিক বন্ধন এবং উত্তম আচরণের এক অনুপ্রেরণাদায়ক দৃষ্টান্ত হয়ে উঠেছে।