জগন্নাথপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুরে পুলিশের অভিযানে রানীগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের নেতা মো. এনামুল হক রেজাউল করিমকে (২৬) গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, জগন্নাথপুর থানার আওতাধীন রানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার কুবাজপুর গ্রামের দক্ষিণপাড়ার বাসিন্দা। তাঁর পিতার নাম মো. আব্দুল হামিদ।
পুলিশ জানায়, ২০২৫ সালের ২৮ জুন জগন্নাথপুর থানায় দায়ের করা একটি মামলায় তদন্তে তাঁর নাম আসামি হিসেবে উঠে আসে। মামলার এফআইআর নম্বর ২০ এবং জিআর নম্বর ১২৫। দণ্ডবিধি ১৮৬০-এর ১৪৩, ৩২৩, ৩২৪, ৩২৬, ৩০৭, ১১৪ ও ৫০৬(২) ধারায় মামলাটি দায়ের করা হয়েছিল।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোখলেছুর রহমানের নেতৃত্বে অভিযানে অংশ নেন এসআই মো. মতিউর রহমান, এসআই রাকিবুল ইসলাম, এএসআই এখলাছুর রহমান ও এএসআই মাহবুবুর রহমান চৌধুরীসহ পুলিশের একটি দল।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারের পর যথাযথ পুলিশি নিরাপত্তায় তাঁকে আদালতে পাঠানো হয়েছে।