জগন্নাথপুর-বিশ্বনাথ আঞ্চলিক মহাসড়কে ঝুঁকিপূর্ণ সেতু, আতঙ্কে যাত্রী ও চালকেরা

bilatbanglanews.com
প্রকাশিত November 15, 2026
জগন্নাথপুর-বিশ্বনাথ আঞ্চলিক মহাসড়কে ঝুঁকিপূর্ণ সেতু, আতঙ্কে যাত্রী ও চালকেরা

জগন্নাথপুর প্রতিনিধি:

সুনামগঞ্জের জগন্নাথপুর-বিশ্বনাথ আঞ্চলিক মহাসড়কের বাউরকাপন ভান নামক স্থানে একটি সেতুর মাঝখানের অংশ ভেঙে যাওয়ায় চরম দুর্ভোগ ও আতঙ্কের মধ্যে চলাচল করছেন সাধারণ মানুষ ও যানবাহন চালকেরা। সাময়িকভাবে স্টিলের পাটাতন বসিয়ে যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করা হলেও সেতুটি ঘিরে দেখা দিয়েছে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা।

 

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক মাস আগে সেতুটির মাঝখানের একটি অংশ ভেঙে যায়। পরে জরুরি ভিত্তিতে ভাঙা অংশের ওপর বেইলি ব্রিজের স্টিলের পাটাতন বসিয়ে যান চলাচলের ব্যবস্থা করা হয়। তবে শুরু থেকেই সেতুটি দিয়ে চলাচল ঝুঁকিপূর্ণ ছিল।

 

এরই মধ্যে গত শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে সেতুর পাশের ভালো অংশের ঢালাইও ভেঙে নিচে ধসে পড়ে। এতে সেখানে বড় গর্তের সৃষ্টি হয়। ফলে সড়ক যোগাযোগ আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। জীবনের ঝুঁকি নিয়ে সেতু পারাপার হতে গিয়ে আতঙ্কে পড়ছেন চালক ও যাত্রীরা।

 

পরিস্থিতি সামাল দিতে শনিবার (১৪ নভেম্বর) দুপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে সেতুর নতুন করে ভেঙে যাওয়া অংশে আরও কয়েকটি স্টিলের পাটাতন বসানো হয়। তবে স্থানীয়দের অভিযোগ, বারবার সাময়িক সংস্কার করা হলেও সেতুটির ঝুঁকি পুরোপুরি দূর হচ্ছে না। বিশেষ করে ভারী যানবাহন চলাচলের সময় সেতুটি কেঁপে ওঠে।

 

এ অবস্থায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানির আশঙ্কা করছেন এলাকাবাসী।

 

স্থানীয় বাসিন্দা ও যানবাহন চালকদের দাবি, জনদুর্ভোগ লাঘব এবং সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে বারবার জোড়াতালি দিয়ে সংস্কার না করে দ্রুত ওই স্থানে একটি নতুন ও টেকসই সেতু নির্মাণের উদ্যোগ নিতে হবে।

 

এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে নিরাপদ সড়ক যোগাযোগ নিশ্চিত করবে।

15 November 2026

জগন্নাথপুর-বিশ্বনাথ আঞ্চলিক মহাসড়কে ঝুঁকিপূর্ণ সেতু, আতঙ্কে যাত্রী ও চালকেরা

বিস্তারিত কমেন্টে