বিবিএন ডেস্ক:
অনলাইনে কিশোরীদের প্রলোভনে ফেলে যৌন শোষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগে বিলাল কাজি (২৭) নামে এক ভারতীয় শিক্ষার্থীকে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাজ্যের একটি আদালত।
শুক্রবার (১৫ নভেম্বর) উত্তর-পশ্চিম ইংল্যান্ডের চেস্টার ক্রাউন কোর্টে শিশুদের অনলাইনে যৌন শোষণ, ভয়ভীতি প্রদর্শন ও সংশ্লিষ্ট একাধিক অপরাধে দোষ স্বীকারের পর তাঁর সাজা ঘোষণা করা হয়।
আদালত সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম ও গেমিং প্ল্যাটফর্মে নিজেকে কিশোর পরিচয় দিয়ে ১০ থেকে ১৫ বছর বয়সী মেয়েদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতেন কাজি। পরে তাদের বিশ্বাস অর্জন করে যৌন কর্মকাণ্ডের ছবি ও ভিডিও ধারণে বাধ্য করতেন। পরবর্তী সময়ে দাবি না মানলে এসব ছবি ও ভিডিও প্রকাশের হুমকি দিয়ে ব্ল্যাকমেইল করতেন।
ব্রিটেনের ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের (সিপিএস) বিশেষ কৌঁসুলি মার্টিন ম্যাকরব বলেন, অভিযুক্ত ব্যক্তি বহু কিশোরীকে কৌশলে নিয়ন্ত্রণ ও শোষণ করেছেন। তাঁর প্রতারণার কারণে ভুক্তভোগীদের কেউ কেউ দীর্ঘমেয়াদি মানসিক আঘাতের শিকার হয়েছেন।
সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাতে এ তথ্য জানা গেছে।