ছাতক প্রতিনিধি:
ছাতকে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে পাসের হার ৪২.৯৩ শতাংশ। এবারের পরীক্ষায় উপজেলার বিভিন্ন কলেজ, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ও মাদ্রাসা থেকে মোট ৩ হাজার ২৮৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে কৃতকার্য হয়েছে ১ হাজার ৪১০ জন। জিপিএ-৫ পেয়েছে ৫ জন শিক্ষার্থী।
উপজেলার ১১টি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেয় ২ হাজার ৮৪১ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ১ হাজার ২১৭ জন। পাসের হার ৪২.৮৩ শতাংশ। কলেজগুলোর মধ্যে ছাতক সরকারি কলেজের ২ জন, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের ১ জন এবং ঝিগলী হাইস্কুল অ্যান্ড কলেজের ১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
ছাতকের একমাত্র টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে ৯৬ জন শিক্ষার্থী এইচএসসি ভোকেশনাল পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ২১ জন। পাসের হার ২১.৮৮ শতাংশ। এ প্রতিষ্ঠান থেকে ১ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
অন্যদিকে, উপজেলার ৬টি মাদ্রাসা থেকে আলিম পরীক্ষায় অংশ নেয় ৩৪৮ জন শিক্ষার্থী। এর মধ্যে কৃতকার্য হয়েছে ১৭২ জন। পাসের হার ৪৯.৪৩ শতাংশ। তবে মাদ্রাসাগুলোর কোনো শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করতে পারেনি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান (অ.দা.) জানান, হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় থেকে ৩৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২ জন। পালপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ২৩ জনের মধ্যে পাস করেছে ১১ জন এবং বুরাইয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে ৪১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১১ জন।
তিনি বলেন, সব মিলিয়ে ছাতকে এবারের ফলাফল সন্তোষজনক নয়।উল্লেখ্য, কলেজ, টেকনিক্যাল ও মাদ্রাসা পর্যায়ের ফলাফল মিলিয়ে ছাতকে এবার পাসের হার ৪২.৯৩ শতাংশ।