• [english_date] , [bangla_date] , [hijri_date]

চেলা নদীতে বালুর ‘মহালুট’! ১০ দিনেই ৫ কোটি টাকার বালু উওোলন

bilatbanglanews.com
প্রকাশিত October 8, 2026
চেলা নদীতে বালুর ‘মহালুট’! ১০ দিনেই ৫ কোটি টাকার বালু উওোলন

বিবিএন ডেস্ক:

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মরাচেলা (সোনালী চেলা) নদীর পাড় কেটে মাত্র ১০ দিনে প্রায় ২৫ লাখ ঘনফুট বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। পরিবেশ অধিদপ্তরের হিসাবে, উত্তোলন করা বালুর আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা।

 

এ ঘটনায় দোয়ারাবাজার ও ছাতক উপজেলার ৩৬ জন এবং সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার একজনসহ মোট ৩৭ জনের নাম উল্লেখ করে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। মামলায় অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।

 

বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় পরিবেশ অধিদপ্তরের সুনামগঞ্জ জেলা কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে দোয়ারাবাজার থানায় মামলাটি করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক।

 

মামলার এজাহার অনুযায়ী, গত ৫ অক্টোবর সরেজমিন পরিদর্শনে গিয়ে সোনালী চেলা নদীসংলগ্ন শ্রীপুর মৌজার সোনাপুর ও পূর্ব সোনাপুর এলাকায় নদীর পাড় কেটে বালু উত্তোলনের তথ্য পাওয়া যায়। অভিযোগ রয়েছে, গত ২৫ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন রাত ৮টার পর থেকে সকাল পর্যন্ত বালু উত্তোলন করা হয়েছে।

 

পরিবেশ অধিদপ্তরের দাবি, কোনো ছাড়পত্র ছাড়াই নদীর পাড় কেটে বিপুল পরিমাণ বালু উত্তোলন করায় পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি হয়েছে। এ ঘটনায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০)-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।

 

মামলার বাদী মো. মোহাইমিনুল হক বলেন, অবৈধভাবে নদীর পাড় কেটে বালু উত্তোলনের কারণে পরিবেশের অপূরণীয় ক্ষতি হয়েছে। তদন্ত শেষে পরিবেশ অধিদপ্তরের একজন কর্মকর্তা আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করবেন।