জন্ম লন্ডনে, তবু ব্রিটিশ নাগরিক নন! মায়ের ভুলে বিপাকে ২৪ বছরের তরুণী

bilatbanglanews.com
প্রকাশিত November 21, 2026
জন্ম লন্ডনে, তবু ব্রিটিশ নাগরিক নন! মায়ের ভুলে বিপাকে ২৪ বছরের তরুণী

বিবিএন ডেস্ক:

লন্ডনে জন্ম ও বেড়ে ওঠা ২৪ বছর বয়সী এক তরুণীকে ব্রিটিশ নাগরিক নন বলে জানিয়েছে যুক্তরাজ্যের হোম অফিস। জ্যামাইকান বংশোদ্ভূত তার মায়ের ব্রিটিশ পাসপোর্ট পাওয়ার বৈধ অধিকার ছিল না—এমন তথ্য সামনে আসার পর ওই তরুণীর পাসপোর্ট বাতিল করা হয়। হঠাৎ এ সিদ্ধান্তের ফলে তিনি যুক্তরাজ্যে কাজ করা ও বাসা ভাড়া নেওয়ার অধিকার হারিয়ে অনিশ্চয়তায় পড়েছেন। তবে প্রতারণা বা ভুল তথ্যের ভিত্তিতে পাসপোর্ট নেওয়া হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে হোম অফিস।

 

লন্ডনের গাইজ অ্যান্ড সেন্ট থমাস হাসপাতালে জন্ম নেওয়া ওই তরুণী নাম প্রকাশ না করার শর্তে জানান, তিনি সবসময় নিজেকে ব্রিটিশ নাগরিক হিসেবেই জেনে এসেছেন। পাসপোর্ট বাতিল হওয়ায় বর্তমানে তিনি কাজ ও থাকার জায়গা হারানোর ঝুঁকিতে রয়েছেন। যুক্তরাজ্যের নাগরিকত্ব আইন অনুযায়ী, দেশটিতে জন্মগ্রহণ করলেই স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পাওয়া যায় না। বরং জন্মের সময় বাবা-মায়ের নাগরিকত্ব ও অভিবাসন অবস্থানের ওপর তা নির্ভর করে।

 

অস্থির পারিবারিক জীবন এবং মাদকসংক্রান্ত অপরাধে মায়ের কারাগারে থাকার কারণে শৈশবে ওই তরুণীকে কেয়ার হোমে এবং কিছু সময় জ্যামাইকায় আত্মীয়দের কাছে থাকতে হয়েছিল। এরপরও কঠোর পরিশ্রম করে পড়াশোনা শেষ করে তিনি একটি ভালো চাকরি পান। দ্য গার্ডিয়ানকে তিনি বলেন, যুক্তরাজ্যই তার একমাত্র ঘর। মায়ের কাজের শাস্তি তাকেও ভোগ করতে হচ্ছে, যা তার জীবন পুরোপুরি বদলে দিয়েছে।

 

পাসপোর্ট বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ জানানো হলেও তা খারিজ করে দিয়েছে হোম অফিস। তাকে জ্যামাইকায় ফেরত পাঠানো হবে কি না—এমন প্রশ্নে হোম অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিবাসন বা দেশত্যাগের বিষয়ে প্রতিটি মামলার নির্দিষ্ট পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়।

 

তরুণীর আইনজীবী এমটিসি সলিসিটরসের নাগা কান্দিয়াহ এ সিদ্ধান্তকে অত্যন্ত হৃদয়বিদারক বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, কোনো অপরাধ না করেও ওই তরুণীকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে, যা ন্যায়বিচার নিয়ে গভীর প্রশ্নের জন্ম দেয়।

 

এদিকে, প্রজেক্ট ফর দ্য রেজিস্ট্রেশন অব চিলড্রেন অ্যাজ ব্রিটিশ সিটিজেনসের এক মুখপাত্র নাগরিকত্বসংক্রান্ত জটিলতা দ্রুত নিরসন এবং এ বিষয়ে সচেতনতা বাড়াতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

21 November 2026

জন্ম লন্ডনে, তবু ব্রিটিশ নাগরিক নন! মায়ের ভুলে বিপাকে ২৪ বছরের তরুণী

বিস্তারিত কমেন্টে