ছাতক প্রতিনিধি:
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, “আমরা ছাতক-দোয়ারাবাজারবাসীকে কাঙ্ক্ষিত উন্নয়ন দিতে চাই। এ জন্য আমাদের সরকারও আন্তরিক রয়েছে। ইতিমধ্যে ছাতক পৌরসভা থেকে সুরমা সেতু (পাগল হাসান চত্বর) পর্যন্ত চার লেনের সড়ক নির্মাণের কাজ শুরু হয়েছে। গোবিন্দগঞ্জ থেকে হাসান চত্বর পর্যন্ত দুই লেনের সড়ক নির্মাণের কাজও শুরু হয়েছে। সড়ক ও জনপথ বিভাগের এ দুটি প্রকল্পে সরকারের ৪০০ কোটি টাকা ব্যয় হচ্ছে। এ ছাড়া ছাতক-দোয়ারাবাজার ও পৌরসভার বিভিন্ন এলাকায় শত কোটি টাকার উন্নয়নকাজ চলমান রয়েছে। বর্তমান সরকারের সহায়তা ও অনুদানে ছাতক পৌরসভাকে একটি আধুনিক পৌরসভা এবং ছাতক-দোয়ারাবাজার উপজেলাকে মডেল উপজেলায় রূপান্তর করতে চাই। এ জন্য সাধারণ মানুষ ও সরকারি কর্মকর্তাদের সহযোগিতা কামনা করছি।”
রবিবার (১৫ নভেম্বর) সকালে ছাতক পৌরসভা ভবনের পশ্চিম পাশে ৪১ লাখ ২১ হাজার ২১৪ টাকা ব্যয়ে নির্মিত ইউনি-ব্লক রাস্তা, প্রায় ২৯ লাখ টাকা ব্যয়ে চরেরবন্দ জামে মসজিদ থেকে পৌর প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তার নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন এবং ১৮ লাখ ১ হাজার ৪৫৯ টাকা ব্যয়ে মন্ডলীভোগ সরকারি পুকুরের (ছাতক হাইস্কুলের পুকুর) সৌন্দর্যবর্ধন কাজের শুভ সূচনা করেন সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন। এ সময় উপস্থিত জনতার উদ্দেশে তিনি এসব কথা বলেন।
উন্নয়নকাজগুলোর উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনকালে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোহাম্মদ মহিউদ্দিন, পৌর নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায়, থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন, পৌরসভার প্রকৌশলী আব্দুল মালেক, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, যুগ্ম আহ্বায়ক সামসুর রহমান বাবুল, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কয়েছ আহমেদ, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশিদ, উপজেলা জাসাসের আহ্বায়ক আব্দুল আলিম, পৌর কর আদায়কারী জামাল উদ্দিন, কর নির্ধারক শহিদুল হক মোল্লা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ফারুক আহমদ, যুবদল নেতা ফখরুল আলম, নোমান ইমদাদ কানন, মজনু মিয়া, লালু শাহ ও সালেহ আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন মাওলানা আল আমিন।