লগি–বইঠা, রামদা নিয়ে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তাণ্ডব, ভাঙচুর

bilatbanglanews.com
প্রকাশিত November 15, 2026
লগি–বইঠা, রামদা নিয়ে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তাণ্ডব, ভাঙচুর

বিবিএন ডেস্ক:

লাঠি, বৈঠা, রামদা ও চায়নিজ কুড়ালসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে গোপালগঞ্জে বিক্ষোভ ও ভাঙচুর চালিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। আট দফা দাবি আদায় এবং দলীয় সভানেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে তারা বিক্ষোভ মিছিল করেন।

 

এ সময় বিক্ষোভকারীরা জুলাই স্মৃতিস্তম্ভ, পুলিশ বক্স এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলক ভাঙচুর করেন। এ ছাড়া গোপালগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকের নামফলক পরিবর্তন করে আগের নামসংবলিত ব্যানার টাঙিয়ে দেন তারা। পরে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধও করেন বিক্ষোভকারীরা।

 

১৯ নভেম্বর আওয়ামী লীগ আহূত দেশব্যাপী সকাল-সন্ধ্যা লকডাউন কর্মসূচি সফল করার লক্ষ্যে রোববার (১৫ নভেম্বর) এ বিক্ষোভ মিছিল করেন আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

সকাল থেকে গোপালগঞ্জ সদর উপজেলার লতিবপুর ইউনিয়নের ঘোষেরচর উত্তরপাড়া গাবতলা মোড়ে শহরের বিভিন্ন পাড়া-মহল্লা ও ইউনিয়ন থেকে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। পরে গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন খানের নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী বিসিক ব্রিজ হয়ে মিছিল নিয়ে শহরে প্রবেশ করেন।

 

অন্যদিকে ঘোষেরচর দক্ষিণপাড়া থেকে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সামিউল হক তনুর নেতৃত্বে এবং শহরের মিয়াবাড়ি ও নবীনবাগ এলাকা থেকে সাবেক কাউন্সিলর আলামিনের নেতৃত্বে পৃথক মিছিল বের হয়।

 

এ ছাড়া সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে লাঠি, বৈঠা ও দেশি অস্ত্রশস্ত্র নিয়ে স্লোগান দিতে দিতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা শহরে প্রবেশ করেন। মিছিলগুলো শহরের পুরাতন লঞ্চঘাট এলাকায় এসে সমবেত হয়। সেখানে সবাই একাত্মতা ঘোষণা করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মিছিলের কারণে শহরজুড়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

 

পরে পুরাতন লঞ্চঘাট এলাকা থেকে জাতীয় পতাকা, লাঠিসোঁটা, লগি-বৈঠা, রামদা, চায়নিজ কুড়াল, টেটা ও বল্লম নিয়ে হাজার হাজার নেতাকর্মী দলীয় নেত্রীকে দেশে ফিরিয়ে আনার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দিতে গোপালগঞ্জ শহরের ব্যাংকপাড়ায় দলীয় কার্যালয়ে যান। সেখানে দীর্ঘদিন ধরে তালাবদ্ধ আওয়ামী লীগ কার্যালয় খুলে দেন তারা। এ সময় আনন্দ-উল্লাস করেন নেতাকর্মীরা।

 

এরপর বিক্ষুব্ধ নেতাকর্মীরা গোপালগঞ্জ লঞ্চঘাটে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ বক্স ভাঙচুর করেন। গোপালগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকের নাম মুছে দিয়ে আগের নাম ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা একটি ব্যানার সেখানে টাঙিয়ে দেন। এ ছাড়া গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে নির্মিত নামফলকও ভেঙে ফেলেন আন্দোলনকারীরা।

 

পরে বিক্ষুব্ধ নেতাকর্মীরা গোপালগঞ্জ-পাটগাতী সড়কের পুরাতন লঞ্চঘাট, কলেজ ও প্রেস ক্লাবের সামনের সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। পুলিশের এপিসির ওপর দাঁড়িয়ে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের কর্মীদের স্লোগান দিতে দেখা যায়। এ সময় প্রেস ক্লাবের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিক্ষোভকারীরা পুলিশের এপিসির গায়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান লিখে দেন।

 

বেলা ১১টা থেকে দুপুর পৌনে ২টা পর্যন্ত ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। অন্যদিকে শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশের অবস্থান দেখা গেলেও তাদের তৎপরতা চোখে পড়েনি।

 

কার্যক্রম নিষিদ্ধ গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস হক বলেন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রশ্নে গোপালগঞ্জের মানুষ আপসহীন। সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে যত দিন দেশে ফিরিয়ে আনতে না পারব, তত দিন রাজপথে তাদের আন্দোলন চলবে।

 

এ বিষয়ে পুলিশের কর্মকর্তাদের সঙ্গে কথা বললে তারা বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন।

15 November 2026

লগি–বইঠা, রামদা নিয়ে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তাণ্ডব, ভাঙচুর

বিস্তারিত কমেন্টে