যুক্তরাজ্যে স্নাতকোত্তর মঞ্চে মুক্তিযুদ্ধের পতাকা হাতে ছাত্রলীগ নেত্রী শেফার ‘জয় বাংলা’ স্লোগান

bilatbanglanews.com
প্রকাশিত November 14, 2026
যুক্তরাজ্যে স্নাতকোত্তর মঞ্চে মুক্তিযুদ্ধের পতাকা হাতে ছাত্রলীগ নেত্রী শেফার ‘জয় বাংলা’ স্লোগান

বিবিএন ডেস্ক:

যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী ইউনিভার্সিটি অব ডার্বি (University of Derby) থেকে লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট (Leadership and Management) বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক নেত্রী আতিফা হক শেফা। সম্প্রতি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময়কার বিপ্লবী পতাকা হাতে নিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আলোচনায় এসেছেন তিনি।

 

আতিফা হক শেফা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন। একই বিশ্ববিদ্যালয়ের মন্নুজান হল শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতির দায়িত্বও পালন করেছেন তিনি।

 

শেফার অভিযোগ, কেবল ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে ২০২৪ সালের ৫ আগস্টের পর রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন তাঁকে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করে। বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ না পাওয়ায় শেষ পর্যন্ত তাঁকে দেশ ছাড়তে হয়। পরবর্তীতে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ডার্বিতে উচ্চশিক্ষা সম্পন্ন করেন তিনি।

 

শেফার স্বামী মো. মোস্তাফিজুর রহমান রাতুলও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হল শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি। শেফার অভিযোগ, জুলাই-পরবর্তী সময়ে তাঁর স্বামীকে ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলায় জড়ানো হয়। মামলার কারণে তাঁকেও দেশ ছাড়তে হয়েছে।

 

দীর্ঘদিনের রাজনৈতিক পরিচয়, শিক্ষাজীবনে বঞ্চনা এবং প্রতিকূলতার অভিজ্ঞতার পর যুক্তরাজ্যের মাটিতে মুক্তিযুদ্ধের বিপ্লবী পতাকা হাতে শেফার ‘জয় বাংলা’ স্লোগান যেন তাঁর কাছে আত্মপরিচয়, প্রতিবাদ ও অবিচারের বিরুদ্ধে সাহসী অবস্থানের বহিঃপ্রকাশ।

 

দেশের বাইরে উচ্চশিক্ষা অর্জনের মধ্য দিয়ে নিজের পথ তৈরি করা আতিফা হক শেফার এই উপস্থিতি প্রবাসে মুক্তিযুদ্ধের চেতনা ও ‘জয় বাংলা’ স্লোগানের এক প্রতীকী প্রকাশ হয়ে উঠেছে।

14 November 2026

যুক্তরাজ্যে স্নাতকোত্তর মঞ্চে মুক্তিযুদ্ধের পতাকা হাতে ছাত্রলীগ নেত্রী শেফার ‘জয় বাংলা’ স্লোগান

বিস্তারিত কমেন্টে