বিবিএন ডেস্ক:
যুক্তরাজ্যে গণপরিবহনে অসামাজিক আচরণ ঠেকাতে নতুন পদক্ষেপ নিয়েছে সরকার। বাসে মোবাইল ফোনে হেডফোন ছাড়া জোরে গান বা ভিডিও চালানো, ভ্যাপিং ও আবর্জনা ফেলার মতো আচরণের জন্য সর্বোচ্চ ১০০ পাউন্ড জরিমানার বিধান কার্যকরে স্থানীয় কর্তৃপক্ষকে উৎসাহিত করা হচ্ছে। একই সঙ্গে ট্রেনে উচ্চ শব্দে গান বা ভিডিও চালানো বন্ধে সোমবার (১৯ অক্টোবর) থেকে দেশব্যাপী সচেতনতামূলক প্রচারাভিযান শুরু হয়েছে।
বাসে জরিমানার আওতায় যেসব আচরণ
নতুন নির্দেশনা অনুযায়ী, ইংল্যান্ডের স্থানীয় পরিবহন কর্তৃপক্ষ বাসে উচ্চ শব্দে গান বাজানো, ভ্যাপিং, যত্রতত্র আবর্জনা ফেলা এবং হুমকিমূলক আচরণের বিরুদ্ধে স্থানীয় বিধি প্রণয়ন ও প্রয়োগ করতে পারবে। এসব বিধি লঙ্ঘনের ক্ষেত্রে সর্বোচ্চ ১০০ পাউন্ডের নির্দিষ্ট জরিমানা আরোপ করা যেতে পারে।
তবে জরিমানা কার্যকরের বিষয়টি স্থানীয় কর্তৃপক্ষের বিধি প্রণয়ন ও অনুমোদনের ওপর নির্ভর করবে। নিয়ম প্রয়োগ করবেন বিশেষায়িত পরিবহন নিরাপত্তাকর্মী বা পুলিশ; বাসচালকেরা সরাসরি জরিমানা করবেন না।
ট্রেনে শব্দদূষণ রোধে প্রচারাভিযান
ট্রেনে যাত্রীদের হেডফোন ব্যবহার এবং অন্যদের বিরক্ত না করার বিষয়ে সচেতন করতে দেশব্যাপী প্রচারাভিযান শুরু হয়েছে। এর মূল বার্তা—‘যাত্রা ভাগ করে নিন, শব্দ নয়’ (Share the carriage, not the noise)।
রেলওয়ের বিদ্যমান নিয়ম অনুযায়ী, অনুমতি ছাড়া অন্য যাত্রীদের বিরক্ত করে এমনভাবে শব্দ সৃষ্টি করা নিষিদ্ধ। সংশ্লিষ্ট কর্মীদের নির্দেশ দেওয়ার পরও কেউ উচ্চ শব্দে গান বা ভিডিও চালানো বন্ধ না করলে তাঁকে পরবর্তী স্টেশনে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হতে পারে। এ ধরনের ঘটনায় বিচারিক প্রক্রিয়ায় সর্বোচ্চ ১ হাজার পাউন্ড জরিমানারও বিধান রয়েছে।
যাত্রীদের স্বাচ্ছন্দ্য নিশ্চিতের লক্ষ্য
যুক্তরাজ্য সরকারের মতে, গণপরিবহনে উচ্চ শব্দে গান বাজানো, ভ্যাপিং ও আবর্জনা ফেলার মতো আচরণ অন্য যাত্রীদের ভ্রমণের অভিজ্ঞতা নষ্ট করে। নতুন পদক্ষেপের লক্ষ্য হলো গণপরিবহনে শৃঙ্খলা বজায় রাখা এবং যাত্রীদের জন্য আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবেশ নিশ্চিত করা।
