নিজস্ব প্রতিবেদক:
লন্ডন থেকে ওয়েলসে বেড়াতে গিয়ে লেকের পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন ২০ বছর বয়সী ব্রিটিশ বাংলাদেশি শিক্ষার্থী মোহাম্মদ নাঈম ইসলাম।
গত ২৬ সেপ্টেম্বর লেকের পাড়ে ওযু করতে গেলে প্রবল বাতাসের কারণে ভারসাম্য হারিয়ে পানিতে পড়ে যান তিনি। এ সময় পাশে থাকা এক বন্ধু তাকে বাঁচাতে পানিতে ঝাঁপ দেন। তবে নাঈম সাঁতার না জানার কারণে পানিতে ডুবে যান। তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পুলিশ কে খবর দেওয়া হয়।
প্রায় ১৩ থেকে ১৪ ঘণ্টা ধরে অনুসন্ধান চালানোর পর উদ্ধার করা হয় নাঈমের মরদেহ।
নাঈমের মৃত্যুর খবরে যুক্তরাজ্য ও বাংলাদেশে তার পরিবার, স্বজন ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, লন্ডন থেকে দুই বাংলাদেশি বন্ধুকে সঙ্গে নিয়ে ওয়েলসে বেড়াতে গিয়েছিলেন নাঈম ইসলাম।
নাঈমের মামা মাওলানা সিদ্দিকুর রহমান জানিয়েছেন, ঘটনার দিন রাত একটার দিকে পরিবারের সদস্যদের কাছে দুর্ঘটনার খবর পৌঁছায়।
খবর পেয়ে পূর্ব লন্ডন লাইম হাউজের বাসিন্দা নাঈমের বাবা মোহাম্মদ নুরুল ইসলাম ওয়েলসের উদ্দেশে রওনা হন।
এদিকে, নাঈমের মরদেহ ওয়েলস থেকে আগামীকাল ২৮ অক্টোবর লন্ডনে নিয়ে আসা হতে পারে বলে জানা গেছে। তবে জানাজার সময় ও স্থান পরবর্তীতে জানানো হবে।
মোহাম্মদ নাঈম ইসলাম ছিলেন পরিবারের দ্বিতীয় সন্তান। তিনি যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন।
তার বাবা মোহাম্মদ নুরুল ইসলাম কেন্দ্রীয় কৃষক দলের একজন সদস্য। তাদের গ্রামের বাড়ি বাংলাদেশের সিলেট জেলার দক্ষিণ সুরমার গোয়ালাবাজার ইউনিয়নে।
মাত্র ২০ বছর বয়সে নাঈমের এমন মর্মান্তিক মৃত্যুতে শোকাহত তার পরিবার ও স্বজনরা।