বিবিএন নিউজঃ
রাজধানীর বিভিন্ন কুরবানির হাটে তীব্র গরমে কয়েকটি ষাঁড় মারা যাওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়িয়েছেন সমাজসেবক ফাহিম আল চৌধুরী।
জানা যায়, কুরবানির ঈদকে সামনে রেখে দেশের বিভিন্ন অঞ্চল থেকে কৃষকরা বছরের পর বছর লালন-পালন করা ষাঁড় নিয়ে ঢাকার হাটগুলোতে আসেন। অনেকেই ঋণ করে, কষ্ট সহ্য করে শুধুমাত্র ভালো দামে গরু বিক্রির আশায় এই হাটে অংশ নেন। কিন্তু হঠাৎ তীব্র গরমে কয়েকটি ষাঁড় মারা গেলে অনেক কৃষক দিশেহারা হয়ে পড়েন।
ক্ষতিগ্রস্ত কৃষকদের কান্না ও অসহায়ত্ব দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন ফাহিম আল চৌধুরী। পরে তিনি ফাহিম আল চৌধুরী ট্রাস্ট এর পক্ষ থেকে মৃত ষাঁড়গুলোর নির্ধারিত বিক্রয়মূল্যের সম্পূর্ণ অর্থ কৃষকদের হাতে তুলে দেন।
এ বিষয়ে তিনি বলেন, “আমি চাইনি কোনো কৃষকের সন্তানের ঈদ কান্নায় কাটুক। একজন কৃষকের স্বপ্ন ভেঙে যাওয়ার কষ্ট আমি অনুভব করেছি। মানুষের পাশে দাঁড়ানোই ঈদের প্রকৃত শিক্ষা।”
তার এই মানবিক উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসিত হচ্ছে। অনেকেই এটিকে ঈদের আগে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন।