• ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি

ছাতকে রাস্তায় দেয়াল নির্মাণ: ইউএনও বরাবরে ৪শতাধিক মানুষের লিখিত অভিযোগ

bilatbanglanews.com
প্রকাশিত ফেব্রুয়ারি ২৩, ২০২২
ছাতকে রাস্তায় দেয়াল নির্মাণ: ইউএনও বরাবরে ৪শতাধিক মানুষের লিখিত অভিযোগ

নিজস্বপ্রতিবেদক: সুনামগঞ্জের ছাতকে রাস্তার ভূমি জোরপূর্বক দখল করে দেয়াল নির্মাণ করার অভিযোগ উঠেছে একাধিক ব্যক্তির বিরুদ্ধে। এতে স্থানীয় লোকজনের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। বিষয়টি নিস্পত্তির চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন স্থানীয় পঞ্চায়েত।

এ বিষয়ে মঙ্গলবার (২২ ফেব্রুয়ারী) এলাকার চার শতাধিক লোকজনের স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে দাখিল করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়, পৌরসভার ৮নং ওয়ার্ডের চরেরবন্দ এলাকার মূল সড়কের পাশে মন্ডলীভোগ মৌজায় সরকারী খাঁস ভূমির উপর একটি পাকা রাস্তা রয়েছে। রাস্তা সংলগ্ন একই এলাকার যুক্তরাজ্য প্রবাসী আফরোজ মিয়ার পক্ষ সম্প্রতিক সময়ে সরকারী রাস্তার উপর পাঁকা দেয়াল নির্মাণ করায় রাস্তাটি অনেকটা সরু হয়ে গেছে। যে কারনে ওই মহল্লার পঞ্চায়েতের লোকজনসহ পৌর প্রাথমিক বিদ্যালয়, কবরস্থান ও মাদরাসার শিক্ষার্থীসহ স্থানীয়দের যাতায়াতে অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে। এছাড়াও সুরু রাস্তার কারনে এখানকার কোন অসুস্থ রোগী নিয়ে যাতায়াত করা অসম্ভব হয়ে পড়েছে।

স্থানীয়রা বলছেন, এলাকায় কোন অগ্নিকান্ডের মতো দূর্ঘটনা ঘটলে এ সরু রাস্তায় এ্যাম্বুলেন্স বা ফায়ার সার্ভিসের গাড়ী প্রবেশ করার কোন সুযোগ নেই। তাই চরেরবন্দ এলাকাবাসী সরকারী ভূমি উদ্ধারসহ রাস্তা থেকে দেয়াল ভেঙ্গে মানুষজন নিরাপদে চলাচলের সুযোগ চান।

এবিষয়ে আফরোজ মিয়ার আত্মীয় জাবেদ মিয়া বলেন, তিনি এখন লন্ডনে আছেন। বিষয়টির ব্যাপারে স্থানীয় মুরব্বীদের নিয়ে বৈঠক করেও কোন সমাধান হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান এলাকাবাসীর লিখিত অভিযোগের বিষয়ে বলেন, রাস্তা দখলের বিষয়টি ভূমি অফিসের সার্ভেয়ারকে তদন্ত করতে বলা হয়েছে। তদন্ত শেষে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।