বিবিএন ডেস্ক:
ডেস্ক নিউজ: গাজীপুরের কালীগঞ্জে ১২ বছর বয়সী চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে একাধিকবার ধর্ষণ ও ওষুধ খাইয়ে গর্ভপাত করানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় শিশুটির চাচাতো ভাইসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার অপর আসামি পলাতক রয়েছেন।
বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃতদের কারাগারে পাঠানো হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শিশুটির বাবা প্রায় ছয় বছর আগে মারা যান। তার মা ও বড় বোন কর্মস্থলে থাকায় দিনের বেশিরভাগ সময় বাড়িতে একা থাকত সে। এ সুযোগে গত মে মাসে শিশুটিকে ফুসলিয়ে পুরোনো বাড়িতে নিয়ে ধর্ষণ করেন তার চাচাতো ভাই বলে অভিযোগ করা হয়েছে। পরে হত্যার ভয় দেখিয়ে অন্য আসামিরাও বিভিন্ন স্থানে নিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়।
একপর্যায়ে শিশুটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি জানার পর অভিযুক্ত চাচাতো ভাই তাকে গোপনে ওষুধ খাওয়ান বলে অভিযোগ রয়েছে। এতে বুধবার ভোরে শিশুটির পেটে তীব্র ব্যথা শুরু হয় এবং গর্ভপাত ঘটে। পরে শিশুটি তার মায়ের কাছে ঘটনা খুলে বলে।
শিশুটিকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য গাজীপুরের একটি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে কালীগঞ্জ থানায় মামলা করেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, মামলার চার আসামির মধ্যে তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।