বিবিএন নিউজ ডেস্ক:
লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিল নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ-বাংলালি তিন নবনির্বাচিত কাউন্সিলরের বিজয়ে দেশ-বিদেশের বাংলাদেশি মুসলিম কমিউনিটির মধ্যে আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি হয়েছে।
নবনির্বাচিত এই তিন কাউন্সিলর হলেন মাওলানা সাঈদ আহমদ, মাওলানা ফায়সাল আহমদ এবং মাওলানা আব্দুল মজিদ। তারা সবাই হযরত আল্লামা ফুলতলী ছাহেব রাহিমাহুল্লাহ প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দারুল হাদিস লতিফিয়া-এর প্রাক্তন মেধাবী ছাত্র।
জানা গেছে, সাঈদ আহমদ ক্যানারি ওয়ার্ফ এলাকা থেকে, মাওলানা ফায়সাল আহমদ ল্যান্সবেরি লোকাল এলাকা থেকে এবং মাওলানা আব্দুল মজিদ ক্যামডেন লোকাল এলাকা থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
তাদের এই বিজয়কে ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির রাজনৈতিক ও সামাজিক অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। স্থানীয় জনগণের আস্থা ও সমর্থনের মাধ্যমে তারা যে দায়িত্ব লাভ করেছেন, তা ভবিষ্যতে কমিউনিটির উন্নয়ন, প্রতিনিধিত্ব এবং বহুসাংস্কৃতিক সম্প্রীতি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
কমিউনিটির বিশিষ্টজনরা বলেন, ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত তরুণ নেতৃত্বের এই সাফল্য নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে। পাশাপাশি ব্রিটিশ সমাজে বাংলাদেশি মুসলমানদের ইতিবাচক অংশগ্রহণ ও নেতৃত্বের অবস্থান আরও সুদৃঢ় হবে।
দেশ ও প্রবাসের অসংখ্য বাংলাদেশি তাদের এই অর্জনে অভিনন্দন জানিয়েছেন এবং তাদের সফলতা কামনা করেছেন।